চট্টগ্রাম ইসলামিয়া কলেজ ছাত্রলীগের ১০ নেতা জামিন পেয়েছেন। গতকাল বুধবার তাঁরা চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। কলেজের অধ্যক্ষ মো. রেজাউল কবির চৌধুরী ৭ আগস্ট চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত আদালত ছাত্রলীগের ১০ নেতার জামিন মঞ্জুর করেন। প্রসঙ্গত, ছাত্রলীগ-সমর্থিত ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদ দুমাস ধরে অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন করছে। একপর্যায়ে কলেজের অধ্যক্ষ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করলে সংগ্রাম পরিষদের সদস্য মো. আসিফ আলভী ১২ আগস্ট অধ্যক্ষের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে মামলা করেন।