ছাত্রলীগ নেতাসহ জড়িত ৬
>

নবীনগরে আওয়ামী লীগের নেত্রী স্বপ্না আক্তার খুনের মামলায় আদালতে একজনের স্বীকারোক্তি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের নেত্রী স্বপ্না আক্তার হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক আসামি। দলীয় বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছেন তিনি।
জবানবন্দি দেওয়া আসামি হলেন আনোয়ার হোসেন (৪০)। তিনি জিনোদপুর ইউনিয়নের বাঙ্গুরা এলাকার বাসিন্দা। গত সোমবার বিকেলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। বিচারক মো. সুলতান সোহাগ উদ্দিনতা লিপিবদ্ধ করেন।
জবানবন্দিতে আনোয়ার উল্লেখ করেন, হত্যাকাণ্ডে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ সরকার, আওয়ামী লীগের মনোনয়নে জিনোদপুর ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান আবদুর রউফের ভাগনে বিল্লাল হোসেন ও তিনিসহ ছয়জন জড়িত। বাকি তিনজন ভাড়াটে খুনি।
আনোয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকপদপ্রার্থী ছিলেন। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাঁকে ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় নিজের বাসার সামনে থেকেগ্রেপ্তার করেপুলিশ।
গত ২২ নভেম্বর রাতে নবীনগরের সাতমোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে ফেরার পথে উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক স্বপ্না আক্তারকে (৪৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতেই নাহিদ ও বিল্লাসহ সাতজনকে আসামি করেথানায় মামলা করেন নিহত স্বপ্নার ছোট ভাই আমির হোসেন। আসামিদের মধ্যে চারপাড়া এলাকার মো. সাঈদ ও হুরুয়া গ্রামের জাহাঙ্গীর আলম এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার কড়ইবাড়ি গ্রামের আবু জাহের কারাগারে আছেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) সুখেন্দ্র বসু গতকাল মঙ্গলবার বলেন, গত রোববার আনোয়ারকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে আদালতে হাজির করা হয়। সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। পরে তাঁকে জেলা কারাগারে পাঠান আদালত।
আনোয়ারের দেওয়া জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, স্বপ্না আক্তার স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শ না করে জিনোদপুর ইউনিয়নের নয়টির মধ্যে সাতটি ওয়ার্ডে দলীয় কমিটি গঠন করেন। এ নিয়ে স্বপ্নার সঙ্গে আনোয়ারের বিরোধের সূত্রপাত হয়।
জবানবন্দিতে আনোয়ার বলেন, ইউনিয়নের বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য দাওয়াত নিয়ে স্বপ্না আক্তার গত ২০ নভেম্বর সন্ধ্যায় এলাকার সাংসদ ফয়েজুর রহমানের সঙ্গে দেখা করতে ঢাকার বনানীর কার্যালয়ে যান। সেখানে আনোয়ারের সঙ্গে দেখা হয় স্বপ্নার। আসার কারণ জানতে চাইলে আনোয়ারকে মাহফিলের একটি লিফলেট দেখান স্বপ্না। এতে দুজন বিশেষ অতিথির তালিকায় জেলা বিএনপির সহসভাপতি ফোরকানুল ইসলাম ও বিএনপির আরেক নেতা আতিকুল ইসলামের নাম ছিল। আওয়ামী লীগের নেতাদের বাদ দিয়ে বিএনপির নেতাদের অতিথি করায় ক্ষুব্ধ হন আনোয়ার। এ নিয়ে স্বপ্নার সঙ্গে আনোয়ারের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে কথা বলার তিনি কে—বলে আনোয়ারকে তাচ্ছিল্য করেন স্বপ্না।
এসআই সুখেন্দ্র বসু বলেন, ওই বিরোধের কথা জানিয়ে আনোয়ারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন স্বপ্নার ভাই আমির। এ কারণে আনোয়ারকে পুলিশ গ্রেপ্তার করে।
আনোয়ারের দেওয়া জবানবন্দির বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্বপ্নাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আনোয়ার। ওই রাতেই তিনি স্বপ্নার বিরোধীপক্ষ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ সরকারেরসঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। আনোয়ার পাশে থাকলে স্বপ্নাকে শেষ করে দেওয়ার কথা জানান নাহিদ। এ প্রস্তাবে রাজি হয়ে টাকা দিয়ে সহযোগিতার কথা বলেন আনোয়ার। আনোয়ার লোক ঠিক করার জন্য নাহিদকে নির্দেশ দেন। ২২ নভেম্বর সন্ধ্যা সাতটায় নবীনগরের বাঙ্গুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেতুর ওপর নাহিদের সঙ্গে দেখা করেন আনোয়ার। সেখানে বিল্লাল হোসেন ও আরেকজন উপস্থিত ছিলেন। আনোয়ার নাহিদকে এক লাখ টাকা দেন।
জবানবন্দিতে আনোয়ার আরও উল্লেখ করেন, সে সময় সজল ও রনি নামের দুজনকে ভাড়া করা হয়েছে বলে আনোয়াকে জানান নাহিদ। তাঁরা সিএনজিচালিত অটোরিকশা দিয়ে সকাল থেকে স্বপ্নার গতিবিধি নজর রাখছেন বলেও জানানো হয়। তখন আনোয়ারকে উপজেলা থেকে চলে যেতে এবং মুঠোফোনে যোগাযোগ করতে নিষেধ করেন নাহিদ। সেখান থেকে নবীনগর লঞ্চঘাট হয়ে উপজেলা সদরের উদ্দেশে রওনা হন আনোয়ার। এ সময় আনোয়ারের স্ত্রী মুঠোফোনে তাঁকে স্বপ্না হত্যার বিষয়টি জানান। খুনিরা পালিয়ে যাওয়ার সময় এক জোড়া জুতা ফেলে যান। ফেসবুকে কেউ একজন তাঁকে সেই জুতার ছবি পাঠায়। এতে তিনি বুঝতে পারেন, জুতাগুলো বিল্লালের। সিএনজিচালিত অটোরিকশার ভেতর স্বপ্নার সঙ্গে থাকা দুজন এবং চালকসহ ছয়জন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও নাহিদ, বিল্লাল, রনি ও সজলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, নাহিদ ও বিল্লালসহ বাকিদের ধরতে বিশেষ অভিযান চলছে।