ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে অব্যাহতি দেওয়ায় বাদী ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

.
.

জসিমউদ্দিন, মেহেদী, সাইফুল, মুন্না ও ফয়জুল শেখকে অব্যাহতি দেওয়া হয়েছে

ছাত্রলীগ নেতা রেজাউল হত্যা মামলা থেকে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতিসহ পাঁচজনকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন বাদী। এ ব্যাপারে আদালতে নারাজি আবেদন করেছেন তিনি। একই সঙ্গে মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের জন্যও আবেদন করা হয়েছে।
গত সোমবার অতিরিক্ত জ্যেষ্ঠ মহানগর হাকিম আদালতে এসব আবেদন করেন বাদী মো. রিয়াজ হোসেন। বিচারক দুটি আবেদনই শুনানির জন্য গ্রহণ করেছেন। এদিন ছিল অভিযোগপত্রের ওপর প্রথম শুনানি।
গত ৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমান সরকারি নিবন্ধন কর্মকর্তার (জিআরও) কাছে এ অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র থেকে মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন, যুবলীগকর্মী মেহেদী, ছাত্রলীগকর্মী সাইফুল, মো. মুন্না ও ফয়জুল শেখকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজাকে গত ২৯ মে কুপিয়ে হত্যা করেন প্রতিপক্ষের কর্মীরা। এ ঘটনায় ৩০ মে তাঁর ভাই রিয়াজ হোসেন বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মহানগর ছাত্রলীগের সভাপতিসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার বাদী রিয়াজ হোসেন সাংবাদিকদের অভিযোগ করেন, হত্যার মূল পরিকল্পনাকারীদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রভাবিত হয়ে মহানগর ছাত্রলীগের সভাপতিসহ পাঁচজনকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দিয়েছেন। অভিযোগপত্র জমা দেওয়ার আগে তাঁর (বাদী) সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি তদন্ত কর্মকর্তা। এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন এবং মামলাটি তদন্তের জন্য সিআইডিকে হস্তান্তরের আবেদন করেছেন তিনি (বাদী)।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘বাদী অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়েছে শুনেছি। তবে কারোর সঙ্গে যোগাযোগের ভিত্তিতে চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ সঠিক নয়। মামলার তদন্ত ও সাক্ষ্য প্রমাণে জসিমসহ পাঁচজনের নাম আসেনি। তাই চার্জশিট থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।’