বগুড়ার শেরপুর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, পিরোজপুর, ঠাকুরগাঁও সদর, সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও নোয়াখালীর সেনবাগে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের নেতাসহ আটজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় গতকাল বুধবার একটি যাত্রীবাহী বাসের চাপায় উপজেলার আমিনপুর আড়ালিয়া আদর্শ গ্রামের আবুল হোসেনের স্ত্রী রেখা (৩৫) নিহত হয়েছেন।চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার কলাবাড়িতে গতকাল পিকআপ ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন একই উপজেলার টোলবাড়ি-দক্ষিণপাড়া গ্রামের বাবু (২২) ও রোকেয়া খাতুনের মেয়ে সিপা খাতুন (১০)। পিরোজপুর: পিরোজপুর-হুলারহাট সড়কের পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের কাছে গতকাল একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী হুলারহাট বন্দরের নুরুল হক নিহত হন। ঠাকুরগাঁও: সদর উপজেলার ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পল্টন এলাকায় মঙ্গলবার একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের আরোহী ও ছাত্রলীগের ঠাকুরগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য শুভ রানা নিহত হন। সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের নলকা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫০) নিহত হন। চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানার আনন্দবাজার এলাকায় মঙ্গলবার ট্রাকের ধাক্কায় মো. ইয়াছিন (৩৭) নামের এক দোকান-কর্মচারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি চাঁদপুরে। নোয়াখালী: সেনবাগের ছাতারপাইয়া বাজারে সোমবার ট্রাক্টরের ধাক্কায় মো. আবদুল হালিম (৭০) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বসন্তপুর গ্রামে। মঙ্গলবার দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।