ছাত্রলীগ নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ছাত্রলীগের গুলিতে সাংসদের ভাতিজা ব্যবসায়ী আহসান হাবিব নিহত হওয়ার ঘটনায় ছাত্রলীগের ৪০ নেতা-কর্মীর নামে হত্যা মামলা হয়েছে। ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেলসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে ওই মামলা হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আহসান হাবিবের বড় ভাই হাবিবুছ সায়েরীন বাদী হয়ে ওই মামলা করেন।

গতকাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ী আহসান হাবিব নিহত হন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন।
এদিকে ওই হত্যা মামলার কোনো আসামিকে পুলিশ আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল হল, নগরের বালুধূম ও তেলিকোনা এলাকায় পুলিশ অভিযান চালালেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মামলার আসামিরা হলেন রাসেল (৩৫), রিপন (২৫), ফাহিম (২৪), শাকিল প্রকাশ ছোট শাকিল (২৩), জাকির (২৭), খোকন (২৬), শাকিল (২৫), শাহপরান (২৫), সাইফুল (২০), জনি প্রকাশ চিকা (২৫), আলাউদ্দিন (২৬), ফাহমিদ (২৪), ফয়সাল (২৭), আশিক (২০) ও শিপুসহ (২৩) অজ্ঞাত পরিচয়ের আরও ২৫ জন।
এজাহারে উল্লেখ করা হয়, রাসেলের নেতৃত্বে কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম গ্রামের রিপন ও আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকার ফাহিমসহ আসামিরা আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও রড নিয়ে গতকাল নগরের মুন্সেফবাড়ী এলাকার হীরা চক্রবর্তীর বাড়িতে হামলা চালান। ওই সময় পাশের বাসার বাসিন্দা আহসান হাবিব গুলির শব্দ ও চিত্কার শুনে ঘটনাস্থলে যান। আহসান হাবিব সেখানে গিয়ে রাসেলকে ঘটনাস্থল ত্যাগ করার অনুরোধ করেন। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে বলেন, ‘তুই কে, চলিয়া যা, নতুবা তোরেও শেষ করিয়া দিমু।’ এর পরও আহসান হাবিব তাঁকে পুনরায় শান্ত থাকার অনুরোধ করেন। একপর্যায়ে রাসেল তাঁর সঙ্গী রিপনকে গুলি করার হুকুম দেন। সঙ্গে সঙ্গে রিপন পিস্তল দিয়ে আহসান হাবিবের পিঠের বাম অংশে গুলি করেন। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখনো কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের মোবাইল ফোনের কললিস্ট বের করা হয়েছে। এদের বেশির ভাগই কুমিল্লার ভারতীয় সীমান্ত এলাকার অংশে পালিয়ে বেড়াচ্ছে। কেউ কেউ ভারতে পালিয়ে গেছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ জোর তত্পরতা চালাচ্ছে।’
গুলিবিদ্ধ কুমিল্লা নগরের মনোহরপুর মুন্সেফবাড়ী এলাকার বাসিন্দা পান্না চক্রবর্তীর ছেলে রাজধানীর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতম চক্রবর্তীর চিকিত্সা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি এখন আশঙ্কামুক্ত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গতকাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে নগরের মুন্সেফবাড়ী ইউনিট ছাত্রলীগের সভাপতি সজীব চক্রবর্তী ওরফে গিট্টুর মুন্সেফবাড়ীতে অস্ত্র নিয়ে হামলা করেন রাসেল ও তাঁর সমর্থকেরা। এতে গিট্টুর চাচাতো ভাই প্রীতম চক্রবর্তী গুলিবিদ্ধ হন। তাঁকে বাঁচাতে গিয়ে পাশের বাসার বাসিন্দা ও ব্যবসায়ী আহসান হাবিব গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহসান হাবিব কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের চাচাতো ভাইয়ের ছেলে। তবে তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।