ছাত্রলীগ নেতাসহ ৯ জন নিহত
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ নয়জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে সিলেট, টাঙ্গাইল, কুমিল্লা, শেরপুর ও ময়মনসিংহে।
এ নিয়ে গত ২৯ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২৮০ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেটের বিয়ানীবাজারের আলীনগরে গতকাল সন্ধ্যায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের দুলাল আহমদ (২৬) ও শিব্বির আহমদ (৩২), বিয়ানীবাজারে খাকুরা গ্রামের গুলজার আহমদ (২২) ও জকিগঞ্জের গঙ্গাজল গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক আবদুল আহাদ (৩২)।
এ ঘটনায় ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর পার্শ্ববর্তী রানাপিংবাজারের কাছে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। এতে বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে রাত সাড়ে সাতটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার থলকাশী গ্রামের আব্দুল আলীমের স্ত্রী শিউলি আক্তার (৩৫) ও বগুড়ার গাবতলী উপজেলা সদরের মিজান মিয়া (২৫)। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মির্জাপুরের গোড়াই মিলগেট এলাকায় গত বৃহস্পতিবার রাতে একটি ট্রাক, মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আরোহী শিউলী। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মির্জাপুরের শুভুল্যায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত মিজান কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
কুমিল্লার চান্দিনা উপজেলার ছেংগাছী এলাকায় গতকাল বিকেলে ট্রাকচাপায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমান তালুকদার (১৯) নিহত হয়েছেন। তিনি উপজেলার নাটিঙ্গী গ্রামের শহীদুল ইসলামের ছেলে। রুমান মোটরসাইকেলে মহিচাইল থেকে মাধাইয়া কলেজে যাচ্ছিলেন। ছেংগাছী এলাকায় একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
শেরপুরের ঝিনাইগাতীর জামতলী নওকুচি এলাকায় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় গতকাল বিকেলে সজল হাজং (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের সন্তোষ হাজংয়ের ছেলে। মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় গতকাল দুপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর এলাকাবাসী প্রায় এক ঘণ্টা বগার বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, ফেনীর দাগনভূঞায় গতকাল শুক্রবার একটি পিকনিকের বাসের সঙ্গে একটি সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের সবার বাড়ি নোয়াখালীর মাইজদীতে।