ছাত্রলীগ নেত্রীকে লাঞ্ছনার অভিযোগে প্রতিমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেত্রীকে লাঞ্ছনার অভিযোগে মহিউল আহমেদ মহি নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত মঙ্গলবার রাতে রংপুরের কোতোয়ালি থানায় মামলাটি করেন ওই নেত্রী। মহিউল এক প্রতিমন্ত্রীর ছোট ভাই।
এজাহার সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেত্রী মঙ্গলবার বিকেলে তাঁর বড় ভাইয়ের মোটরসাইকেলে করে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন বাজারে আম কিনতে যান। এ সময় ওই পথ দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মহিউল। বাজারের ভিড়ের কারণে মহিউলের চলাচল বাধাগ্রস্ত হলে তিনি গাড়ি থেকে নেমে এসে ছাত্রলীগের নেত্রী ও তাঁর ভাইকে গালাগাল করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি লেগে যায়। একপর্যায়ে প্রতিমন্ত্রীর ভাই নেত্রীর ভাইকে কিলঘুষি মারতে থাকেন। এ সময় ছাত্রলীগের নেত্রী এগিয়ে এলে মহিউল তাঁকেও গালাগাল দেন এবং তাঁর চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পুলিশ আসার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন মহিউল।
কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান, ঘটনার তদন্তের পাশাপাশি মহিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।