ছাত্রলীগ নেত্রীর প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ৮ মার্চ প্রকাশিত ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগ নেত্রী নিয়োগ পাননি, তাই শিক্ষককে তালাবদ্ধ করা হলো!’ শীর্ষক সংবাদ এবং ১০ মার্চ ‘শিক্ষককে তালা, ছাত্রলীগের লাগাম টেনে ধরুন’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয়র প্রতিবাদ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা। তানিয়া আফছারসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের চার নেতা স্বাক্ষরিত এই প্রতিবাদপত্রে বলা হয়, ছাত্রলীগের নেতা-কর্মীরা সেদিন কোনো শিক্ষককে তালা মারেননি। এটি করেছিলেন ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। কারণ, যোগ্য হওয়া সত্ত্বেও কেবল নারী হওয়ার কারণে ছাত্রলীগের নেত্রী মুন্সি তানিয়া আফছারকে নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া নিয়োগ বোর্ডে তানিয়াকে ২২ মিনিট রাখা হলেও একাডেমিক কোনো প্রশ্নই করা হয়নি। এর বদলে ছাত্রলীগ নিয়ে তাঁকে আজেবাজে কথা বলা হয়েছে।গতকাল বুধবার পাঠানো এই প্রতিবাদপত্রে আরও বলা হয়, ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা কোনো বেআইনি পন্থায় না গিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন। তাতে বলা হয়েছে, সবার চেয়ে যোগ্য হওয়ার পরও কেবল নারী হওয়ার কারণে এবং ছাত্রলীগ করার কারণে একজন প্রার্থীর বাদ পড়া মেনে নেওয়া যায় না। ছাত্রলীগের নেতা-কর্মীরা দাবি করেন, প্রভাষক পদের জন্য যে ২২ জন প্রার্থী আবেদন করেছেন, তাঁদের মধ্যে একমাত্র তানিয়ারই এমফিল এবং প্রকাশনা রয়েছে। ২২ জনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ১৭ জন প্রার্থী ছিলেন, তাঁদের মধ্যে তানিয়ার ফলই সবচেয়ে ভালো। কিন্তু ষড়যন্ত্র করে তাঁকে বাদ দেওয়া হয়েছে। প্রতিবেদকের বক্তব্য: তানিয়া আফছারের ফলাফল ও যোগ্যতা নিয়ে প্রথম আলোর প্রতিবেদনে কোনো কথা বলা হয়নি। এটি সত্যি যে তাঁর ফল ভালো। কিন্তু ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরাই শিক্ষক হাসানুজ্জামান চৌধুরীর কক্ষে তালা মেরেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। পরে প্রক্টর গিয়ে সে তালা ভেঙেছেন।