সুন্দরবন রক্ষার আন্দোলনে মানুষের অংশগ্রহণ বাড়ছে বলে জানিয়েছেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। তিনি বলেছেন, সরকার বলপ্রয়োগ করে এই আন্দোলন বন্ধের চেষ্টা করছে। তাই ছাত্রলীগের মাধ্যমে, কখনো পুলিশ ব্যবহার করে হুমকি দিচ্ছে।
বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে গতকাল মঙ্গলবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আনু মুহাম্মদ।
সম্মেলনে আনু মুহাম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুন্দরবন রক্ষার কথা বলতে গিয়ে উপাচার্যদের বাধায় পড়তে হচ্ছে। তাঁরা সুন্দরবন রক্ষার কোনো কর্মসূচি করতে দিচ্ছেন না। অথচ বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবেশ বিষয়ে পাঠদান করা হচ্ছে।
আনু মুহাম্মদ বলেন, উন্নয়ন করতে গেলে পরিবেশের ক্ষতি হবে, এটা অনিবার্য নয়। পরিবেশ রক্ষা করেও উন্নয়ন সম্ভব। সুন্দরবন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনের একটি। এর রক্ষার বিষয়টি অর্থনৈতিক মূল্যে নির্ধারণ করা সম্ভব নয়। আনু মুহাম্মদ অভিযোগ করেন, যাঁরা কাঠ কয়লা ও খনিজ কয়লার পার্থক্য বোঝেন না, তাঁরা সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। যে বাতাসে পশু, পাখি, জীবজন্তু বাঁচতে পারে না, সেখানে মানুষও বাঁচতে পারে না। এটা তাঁরা মানতে চান না।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সন্তু মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব, বাসদ জেলা সংগঠক বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা সভাপতি মনীষা চক্রবর্তী প্রমুখ।