ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ ওসিসহ আহত ২০
ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝির কান্দায় গতকাল শনিবার পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আটক করেছে।ছাত্রলীগের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের বাড়িতে একটি দলীয় সভায় যোগ দিতে ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা যাচ্ছিলেন। এ সময় পুলিশ প্রথমে নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকায় তাঁদের বাধা দেয়। ছাত্রলীগের কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মাঝির কান্দায় পৌঁছান। এ সময় দোহার ও নবাবগঞ্জ থানার শতাধিক পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে নেতা-কর্মীদের আটকে দেয়। তখন পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পুলিশ ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দিলে তাঁরাও পাল্টা ধাওয়া দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। প্রায় দেড় ঘণ্টা দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় ছাত্রলীগের হামলায় দোহার থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মিজান আহত হলে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ ও নেতা-কর্মীসহ প্রায় ২০ জন আহত হয়।