লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যাচেষ্টা মামলার রায়
ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১১ জনের কারাদণ্ড

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল আলমকে হত্যাচেষ্টার মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবলীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ মোট ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন তিনজন। গতকাল বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, রায়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সহসভাপতি কে এম বাপ্পি ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এহতেশাম হায়দারকে ৫ বছর ১ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা ছাত্রলীগের সদস্য শাহাদাত হোসেন (জুয়েল), শাহাদাত হোসেন (সজীব) ও মিরাজ হোসেনকে ১ বছর ১ মাস করে দণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, ছাত্রলীগের কর্মী রূপম, মাইন উদ্দিন, মো. কাউছার ও লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মানিককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৫ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্রলীগের নেতা আশরাফুল আলমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পরদিন আশরাফুলের বাবা আইনজীবী মো. বদরুল আলম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেছিলেন।
রায় ঘোষণার সময় ১১ জন আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল সাপেক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি সোহেল, ছাত্রলীগের কর্মী মো. কাউছার, রূপম, মাইন উদ্দিন ও আওয়ামী লীগের নেতা মো. মানিকের জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।
দণ্ডপ্রাপ্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সহসভাপতি কে এম বাপ্পি, যুবলীগের নেতা এহতেশাম হায়দার,
জেলা ছাত্রলীগের সদস্য শাহাদাত হোসেন (জুয়েল), শাহাদাত হোসেন (সজীব) ও মিরাজ হোসেনকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান এবং আসামিপক্ষে ছিলেন এ কে এম হুমায়ুন কবির ও আরিফুন নবী চৌধুরী।
রায়ের প্রতিবাদে বিক্ষোভ
রায়ের প্রতিবাদে গতকাল বিকেলে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় রায়পুর-চৌমুহনী আঞ্চলিক সড়কে বাঁশের লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সামনে অবস্থান নেন। প্রায় ৪৫ মিনিটের বিক্ষোভ ও অবরোধে সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা অবরোধ প্রত্যাহার করে নেন।
এক মাসের দণ্ড পাওয়া জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রথম আলোকে বলেছেন, রায়ের প্রতিবাদে জেলা ছাত্রলীগের উদ্যোগে আজ জেলার সব ইউনিটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।