
চট্টগ্রাম রেলওয়ের সিআরবিতে দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের গোলাগুলিতে শিশুসহ দুজন নিহত হওয়ার মামলায় আরও ১২ আসামি জামিনে মুক্তি পেলেন। এর আগে চারজন জামিনে বেরিয়ে গেছেন। ঘটনার আড়াই মাসেও এজাহারভুক্ত আসামি অজিত বিশ্বাসসহ ৩১ আসামিকে পুলিশ গ্রেপ্তারই করেনি। ৮৭ জন আসামির প্রায় সবাই যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মী।গত ২৪ জুনের গোলাগুলির এ ঘটনায় বিদেশি অত্যাধুনিক অস্ত্র ব্যবহূত হলেও পুলিশ একটি অস্ত্রও উদ্ধার করতে পারেনি। অভিযোগপত্র দেওয়া তো দূরের কথা, তদন্তই এগোচ্ছে না। এজাহারভুক্ত ৫৬ আসামিকে গ্রেপ্তার করা হলেও একে একে জামিনে বেরিয়ে যাচ্ছেন তাঁরা।অন্যতম প্রধান আসামি যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ১২ আসামি গতকাল সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে ৪ আগস্ট মুক্তি পান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুল আলম ওরফে লিমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আলমগীর টিপু, সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন ও চট্টগ্রাম কমার্স কলেজ শাখা ছাত্রলীগের কর্মী শরীফ আহমেদ।জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, তদন্ত চলছে। ঘটনায় ব্যবহূত অস্ত্র উদ্ধারের চেষ্টাও চলছে। আর কোনো আসামি জামিন পেলে পুলিশের কিছুই করার নেই।মামলার অগ্রগতি ও অস্ত্র উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, প্রকাশ্যে ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আসামিরাও চিহ্নিত। অথচ পুলিশ কিছুই করতে পারছে না। তাঁর মতে, রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে পুলিশ প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। ঘটনার দিন তাঁরা নাইন এমএম পিস্তল, সিজেড ও পিয়েত্র ব্যারেটার মতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। আসামিরা জামিনে বেরিয়ে আসছেন—এ কথা শুনে নিহত শিশু আরমানের মা কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘ছেলেরে তো পাব না। বুকের ধনরে গুলি করে যারা মেরেছে, তাদের বিচার চাই।’ তিনি প্রশ্ন করেন, দেশে গরিবের জন্য কি কোনো আইন নেই? গুলিতে নিহত সাজু পালিতের ভাই উৎপল পালিত বলেন, ‘হত্যাকারীরা শাস্তি না পেলে খুনের ঘটনা বাড়বে। আমার নিরপরাধ ভাইকে গুলি করে হত্যা করেছেন আসামি অজিত বিশ্বাস। এখন তিনিও যদি জামিন পেয়ে যান, তাহলে ভাই হত্যার বিচার কি পাব না!’ এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। এজাহারভুক্ত আসামিরা ছাত্রলীগ-যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে কোনো রাজনৈতিক চাপ আছে কি না, জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মির্জা সায়েম মাহমুদ বলেন, তদন্তের স্বার্থে কাউকে বাদ দেওয়া হবে না।
পুলিশ ও রেলওয়ের সূত্রমতে, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী যুবলীগের কেন্দ্রীয় সদস্য হেলাল আকবর চৌধুরী ও নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সাইফুল আলমের গ্রুপের মধ্যে প্রায় তিন কোটি টাকার দরপত্র নিয়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান সাজু পালিত (২৮) ও আট বছরের শিশু আরমান।
এ ঘটনায় বাবর, লিমনসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে পুলিশ। পরে বাবর, লিমনসহ ৫৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। কয়েক দফা রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদও করে পুলিশ।
গতকাল জামিনে মুক্তি পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপবৃত্তিবিষয়ক সম্পাদক কামরুল হাসান রায়হান, সদস্য রায়হান মাহমুদ, যুবলীগের কর্মী আবদুল্লাহ আল মামুন, সুজয় মান বড়ুয়া, ফয়সাল আহমেদ, মিজানুর রহমান, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, মোহাম্মদ জাফর, আমির হোসেন ও রাজেশ বিশ্বাস।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, জামিন আদেশের কাগজপত্র পাওয়ার পর হেলাল আকবর চৌধুরীসহ ১২ জনকে মুক্তি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার তাঁরা উচ্চ আদালত থেকে জামিন পান।