ছাত্রলীগ-যুবলীগের বেপরোয়া চাঁদাবাজি, ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে চলছে দ্বন্দ্ব-সংঘাত। পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগ নামধারী সন্ত্রাসীদের চাঁদাবাজি ও ছিনতাই বেড়েছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে শহরবাসী।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নড়াইলে ছাত্রলীগ তিন ভাগে বিভক্ত। এর একটি হলো জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামালের পক্ষ। আরেক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমেন বসু। পৌর ছাত্রলীগের সভাপতি অলিদ খানের একটি পক্ষ রয়েছে।জানা যায়, ২ মার্চ পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে দুই কোটি ৮৭ লাখ টাকার কাজ ভাগাভাগি নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সরকারি ভিক্টোরিয়া কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের দুই ছাত্র অভিযোগ করেন, তাঁরা কলেজের পেছনের ছাত্রাবাসে থাকতেন। গত বছর শবে বরাতের আগের রাতে ছাত্রলীগের কয়েকজন কর্মী পিস্তল দেখিয়ে তাঁদের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে না পারায় তাঁদের দুটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়।শহরের গোধূলি মেসে থাকতেন সোহেল ও শাওন নামের দুই চাকরিজীবী। গত বছর ২১ জুলাই ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁদের গলায় ছুরি ধরে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁরা দুটি মুঠোফোন ছিনিয়ে নেন। পরে আতঙ্কে তাঁরা ওই মেস ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নেন।৩ আগস্ট সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কর্মী আশিক, উত্তম ও সোহান আহত হন। এ ঘটনার জের ধরে পরদিন প্রতিপক্ষের নেতা-কর্মীরা ছাত্রলীগের কর্মী ও ভিক্টোরিয়া কলেজের ছাত্র পারভেজকে কুপিয়ে জখম করেন। এর আগে ২০ জুলাই ছাত্রলীগের কয়েকজন কর্মী কলেজে কাজল নামের এক ছাত্রকে বেধড়ক পেটান। ২৭ জুলাই পারভেজ শহরের কুড়িগ্রাম এলাকার রাজীব নামের এক যুবককে কুপিয়ে জখম করেন। ২২ আগস্ট শহরের চিত্রা সেতু এলাকায় ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মুকুলকে কুপিয়ে জখম করা হয়। এর জের ধরে ওই দিন রাতে আছুব্বরকে (২০) কুপিয়ে জখম করা হয়।টেন্ডারবাজির টাকা ভাগাভাগি নিয়ে ১৮ জুলাই জেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় ঠিকাদারসহ দলীয় নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোসকে আহ্বায়ক করে ১৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান বলেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলম ও তাঁর এক সহযোগী নানা অপকর্ম চালিয়ে ছাত্রলীগের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করে দিয়েছেন। হাফিজ খান জানান, শহরের সোনারগাঁ রেস্তোরাঁয় বসে চাঁদাবাজি, ছিনতাই ও টেন্ডারবাজির পরিকল্পনা হতো। এর প্রতিবাদ করায় গত ২০ মার্চ খুন হন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম। অভিযোগ অস্বীকার করে যুবলীগের নেতা সরদার আলম বলেন, ‘দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কুচক্রী মহল আমাকে হেয়প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে এই অভিযোগ করছে।’ জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেন বলেন, ছাত্রলীগের কর্মকাণ্ডে নড়াইলের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, সদর ও পৌর ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় ছিনতাই, চাঁদাবাজি ও মারামারির বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে পৌর ছাত্রলীগের কর্মী মিথুনের বিরুদ্ধে দুটি এবং সজিব পালের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নিহত আমিরুল ইসলামের বিরুদ্ধেও তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর কয়েকটি মামলায় আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক সৌমেন বসু বলেন, ছাত্রলীগ নামধারী কয়েকজন সন্ত্রাসী চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজিসহ অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। আওয়ামী লীগ ও যুবলীগের একটি অংশের আশ্রয়-প্রশ্রয়ের কারণে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস বলেন, ছাত্রলীগের মধ্যে কিছু অছাত্র ঢুকে পড়ায় তারা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।