>• বাবর প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর অনুসারী
• লিমন মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী
• বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর বাবর কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক
চট্টগ্রামে রেলের কোটি টাকার দরপত্র নিয়ে সংঘর্ষে এক শিশুসহ দুজন গুলিতে নিহত হওয়ার মামলায় ছাত্রলীগ-যুবলীগের ৬৪ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম আদালতে এটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক জাহাঙ্গীর আলম।
রেলওয়ের কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারা নিয়ে ২০১৩ সালের ২৪ জুন যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর এবং ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় নেতা সাইফুল আলম ওরফে লিমনের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে চট্টগ্রামের সিআরবি (রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর) এলাকায় সংঘর্ষ হয়। এতে গুলিতে প্রাণ হারান যুবলীগের কর্মী সাজু পালিত (২৮) ও শিশু মো. আরমান (৮)।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ৬৪ জনকে আসামি করে জোড়া খুনের মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। এটি গত মঙ্গলবার জমা দিতে আসেন তিনি। কিন্তু কিছু কাগজপত্র অসম্পূর্ণ থাকায় সেদিন জমা নেওয়া হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, বাবর, লিমন, অজিতসহ ৬৪ জনকে আসামি করে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়েছে। তদন্তে সাক্ষ্য-প্রমাণে পাওয়া গেছে, সংঘর্ষ শুরু হওয়ার আগে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে অজিত বিশ্বাস পূর্বশত্রুতার কারণে সাজু পালিতকে গুলি করেন। এ সময় লিমনের অনুসারীরা বাবরের অনুসারীদের দিকে এগিয়ে এলে অজিত আবার গুলি ছোড়েন। সেই গুলিতে শিশু আরমান নিহত হয়। আসামিদের মধে৵ অজিত জামিন নিয়ে পলাতক রয়েছেন। বাকিরা হাজিরা দিচ্ছেন।
গুলি করার বিষয়টি অস্বীকার করেন অজিত বিশ্বাস। তিনি বাবরের অনুসারী হিসেবে পরিচিত। রাজনীতির পাশাপাশি চট্টগ্রামের বোয়ালখালী থানা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক তিনি। নিহত সাজু পালিতও বাবরের অনুসারী ছিলেন। তাঁর বড় ভাই এক আইনজীবীর সহকারী উৎপল পালিত বলেন, পিবিআইয়ের তদন্তে তাঁরা সন্তুষ্ট। আসামিদের বিচার যেন হয়।
বাবর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী এবং লিমন চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। জোড়া খুনের পরদিন বাবর ও লিমনকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়। অবশ্য পরে বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এখন তিনি কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক। লিমন দলীয় কোনো পদে নেই।
জোড়া খুনের ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাদী হয়ে বাবর, লিমনসহ ছাত্রলীগ-যুবলীগের ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন। পরে নিহত সাজু পালিতের মা মিনতি পালিত বাদী হয়ে অজিত বিশ্বাসকে প্রধান আসামি করে আদালতে হত্যা মামলা করেন। আদালত তাঁর আরজি এজাহার হিসেবে নিয়ে আগের মামলার সঙ্গে তদন্তের নির্দেশ দেন।
ঘটনার ২৮ মাস পর ২০১৫ সালের ২৩ নভেম্বর আদালতে প্রথম অভিযোগপত্র জমা দেয় চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযোগপত্রে বাবর, লিমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ (বর্তমানে কমিটি বিলুপ্ত) ৬২ জনকে আসামি করা হয়। এ ছাড়া ১৪ জনের সঠিক নাম-ঠিকানা না পাওয়ায় তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়। তবে আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।