ছাত্রলীগ-শিবির পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা-কাটাকাটিকে কেন্দ্র করে গতকাল রাত সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষ একটি গুলি ছোড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবিরের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনের দোকানদারদের মাঝে বার্ষিক ক্যালেন্ডার বিতরণ করতে গেলে ছাত্রলীগের কর্মীরা তাঁদের বাধা দেন। পরে উভয় পক্ষের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কোন জায়গা থেকে গুলি করা হয়, তা আমি নিশ্চিত নই।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু বলেন, ‘সারা দেশের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির উদ্দেশে শিবির বিশ্ববিদ্যালয়ের দোকানদারদের কাছে চাঁদা তুলতে গেলে ছাত্রলীগের কর্মীরা তাদের বাধা দেন।’ অন্যদিকে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসন্ন ভর্তি পরীক্ষা বানচালের উদ্দেশে ছাত্রলীগ ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি তারই অংশবিশেষ।’