রংপুর কারমাইকেল কলেজে গত সোমবার দুপুরে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। ইটপাটকেলের আঘাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী, কলেজ ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজে সোমবার বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ক্লাস শুরু হয়। নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষে মিছিল করার প্রস্তুতি নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ মিছিল বের করে। ১২টার দিকে ছাত্রশিবির একটি মিছিল বের করার সময় পাশ দিয়ে ছাত্রলীগের মিছিল অতিক্রম করছিল। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ছাত্রলীগের মিছিল থেকে শিবিরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে উভয়পক্ষ এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। ইটের আঘাতে অন্তত ১২ জন সাধারণ শিক্ষার্থী আহত হন। আহত ছাত্রদের মধ্যে ওবায়দুর রহমান, সাইফুল, কবির, রুবেল, ময়না, আয়েশা, শারমিন, পলি, কুদ্দুস এবং অপর আরও কয়েকজন বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার জানান, পরিস্থিতি উত্তেজনাকর হওয়ায় পুলিশের পক্ষ থেকে ছাত্রশিবিরকে একটু দেরিতে মিছিল করতে বলা হয়। তাদের বাধা দেওয়া হয়নি।