চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রলীগ ও শিবিরের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনায় দুই সহকারী প্রক্টর ও এক সাংবাদিকসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
পরে শিবির-নিয়ন্ত্রিত শাহ আমানত হলে তল্লাশি চালিয়ে ১৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে বিজ্ঞান ও মানবিক শাখার ভর্তি পরীক্ষা চলছিল। এতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগমুহূর্তে বেলা সোয়া দুইটার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে শিবিরের কর্মীরা লিফলেট বিতরণ করলে ছাত্রলীগের কর্মীরা তাতে বাধা দেন। পরে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়ে শহীদ মিনার এলাকায় বিক্ষোভ করেন। পরে গোলচত্বর এলাকায় পাল্টা বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শিবিরের নেতা-কর্মীরা তাঁদের নিয়ন্ত্রিত হলগুলোতে থেকে বের হয়ে শাহ আমানত হলের সামনে অবস্থান নেন।
অন্যদিকে ছাত্রলীগ শাহজালাল হলের সামনে অবস্থান নেয়। পরে উভয় পক্ষ সশস্ত্র অবস্থায় পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষই ফাঁকা গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের অর্ধশতাধিক শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে দুই সহকারী প্রক্টরসহ ছয়জন আহত হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভোরের ডাক প্রতিনিধি আবদুল হান্নানকে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী। এদিকে ছাত্রলীগের দাবির মুখে বিকেলে দুই ঘণ্টাব্যাপী শিবির-নিয়ন্ত্রিত শাহ আমানত হলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় হলের বিভিন্ন কক্ষ থেকে ভর্তি পরীক্ষার্থীসহ সন্দেহভাজন ১৮ জনকে আটক করে হাটহাজারী থানায় নিয়ে যায় পুলিশ।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরের ক্যাডাররা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছে যুদ্ধাপরাধীদের পক্ষে প্রচারণা চালাচ্ছিল। আমরা তা প্রতিহত করি।’ শিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করতে এ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের বলেন, ‘বিশৃঙ্খলাকারীদের কঠোরভাবে দমন করতে পুলিশ প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে।’