চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক ছাত্রাবাসগুলোতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য এবং পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।আহতদের মধ্যে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাজ্জাদুর রহমান, পদার্থবিদ্যার দ্বিতীয় বর্ষের জাহিদুল ইসলাম ও পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের মামুনুজ্জামানকে ছাত্রশিবিরের সভাপতি বদিউল আলম নিজেদের কর্মী বলে দাবি করেছেন।অন্যদিকে ছাত্রলীগ দাবি করেছে, শিবিরের হামলায় তাদের পাঁচ কর্মী আহত হয়েছেন। তাঁরা হলেন: আইন বিভাগের সৌমেন পাল, অর্থনীতি বিভাগের মনছুরুল আলম, মুকুল, শহীদ ও নাজিম। তাঁরা নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরের সমর্থক হিসেবে পরিচিত।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, কর্মচারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে ছাত্রশিবিরের কর্মীরা মাঠের এক পাশে ক্রিকেট খেলার আয়োজন করে। সেখানে উপস্থিত ছাত্রলীগের কর্মীরা এ আয়োজনের প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার সূত্রপাত হয়। এ সময় দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে মারামারিতে লিপ্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলম প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় খেলার মাঠে পদার্থ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্রিকেট খেলার আয়োজন করেন। সেখানে আমাদের কিছু নেতা-কর্মী উপস্থিত হন। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। এতে আমাদের তিন নেতা-কর্মী আহত হন।’হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানান তিনি।অন্যদিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ কর্মী ও খেলার মাঠে উপস্থিত থাকা আবদুল্লাহ আল আসাদ প্রথম আলোকে জানান, শিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অবৈধভাবে ক্রিকেট খেলার আয়োজন করে। এর প্রতিবাদ করলে শিবিরের নেতা-কর্মীরা প্রতিবাদকারীদের ওপর হামলা করে।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম বলেন, ‘হামলার সঙ্গে জড়িত শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টর মহোদয়কে লিখিত অভিযোগ দিয়েছি।’এদিকে এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবিরকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে শুরু হয়ে রেলস্টেশনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’