কক্সবাজার সরকারি কলেজে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে শিক্ষক, পুলিশ ও সাংবাদিক রয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কলেজ থেকে ১৫ জন ছাত্রশিবিরের নেতা-কর্মীকে আটক করা হয়েছে। স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা পৃথকভাবে অবস্থান নিয়ে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে থাকেন। সকাল ১০টার দিকে কলেজ শাখা শিবিরের সভাপতি হাসান মোহাম্মদ ইয়াসিন, সাধারণ সম্পাদক লোকমান হাকিম ও সাবেক সভাপতি সারওয়ার কামালের নেতৃত্বে অর্ধশতাধিক বহিরাগত শিবির ক্যাডার ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। ছাত্রলীগের কর্মীরাও পাল্টা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। চলে পাল্টাপাল্টি ধাওয়া ও পরস্পরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ। সংঘর্ষের সময় আতঙ্কিত শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের অধ্যক্ষ ছলিমুর রহমান ও শিক্ষক মুজিবুল হক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে হামলার শিকার হন। এতে ছলিমুর রহমান, মুজিবুল হক, উপপরিদর্শক (এসআই) অনু মং, কনস্টেবল সুদর্শন বড়ুয়া, স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক আবদুল্লাহ নয়ন, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক হিল্লোল দাস, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান, হালিমুর রশিদ, ইফতেখারুল ইসলাম ও সাধারণ শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।বেলা ১১টার দিকে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে গেলে শিবিরের সঙ্গে ছাত্রলীগের দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে বেলা একটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় কলেজ শাখা শিবিরের সাধারণ সম্পাদক লোকমান হাকিমসহ শিবিরের ১৫ জন ক্যাডারকে আটক করে পুলিশ।সদর হাসপাতাল সূত্রে জানা যায়, অধ্যক্ষ ছলিমুর রহমান ও শিক্ষক মুজিবুল হকসহ ১২ জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে অনেককে। হালিমুর রশিদ ও ইফতেখারুলের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ছাত্রলীগের আহ্বায়ক হিল্লোল অভিযোগ করেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানোর সময় শিবিরের ক্যাডাররা তাঁদের বাধা দেন এবং ক্যাম্পাস ছেড়ে যেতে বলেন। একপর্যায়ে পলিটেকনিক কলেজ ও হার্ভার্ড কলেজসহ বিভিন্ন স্থান থেকে শিবিরের ক্যাডাররা এসে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালান। এতে তিনিসহ ছাত্রলীগের ৪০ জনের বেশি কর্মী-সমর্থক আহত হন।পাল্টা অভিযোগে কলেজ শাখা শিবিরের সভাপতি হাসান মোহাম্মদ ইয়াসিন জানান, ছাত্রলীগের ক্যাডাররাই শিবিরের ওপর হামলা চালান। এতে ৩০ জনের বেশি শিবিরকর্মী আহত হন।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক করা হয়েছে ১৫ জনকে। সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।