ছাত্রলীগ-শিবির সংঘর্ষ ভাঙচুর, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের তিনজন কর্মী আহত হয়েছেন।গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র, অ্যাম্বুলেন্সসহ আবাসিক হলের কক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব পরীক্ষা ও ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম আযমের কারা হেফাজতে থাকার খবর শুনে বিকেল চারটায় ক্যাম্পাসে আনন্দমিছিল করে ছাত্রলীগ। সন্ধ্যার পর বিভিন্ন আবাসিক হলেও ছাত্রলীগের নেতা-কর্মীরা আনন্দ উৎসবে মেতে ওঠেন। এ সময় শাহ পরান হল থেকে ছাত্রলীগের কয়েকজন কর্মী শিবিরের ধাওয়া খেয়ে ক্যাম্পাসে ফেরেন। খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে শাহ পরান ও বঙ্গবন্ধু হলে গেলে উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।সংঘর্ষে ছাত্রলীগের কর্মী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র প্রসেনজিৎ চৌধুরী, পরিবেশ ও বনবিজ্ঞান বিভাগের মুজতবা চৌধুরী ও সত্যজিৎ দাস আহত হন। তাঁদেরকে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।রাত আটটার দিকে সৈয়দ মুজতবা আলী হলের পেছন দিক থেকে সশস্ত্র অবস্থায় শিবির ক্যাডাররা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে শুনে ক্যাম্পাসে থাকা ছাত্রলীগ নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের পেছনে অবস্থান নেন। এ সময় শিবির ক্যাডাররা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র ও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। পরে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজ নিজ হলে চলে যান। এরপর শাহ পরান আবাসিক হলে শিবির-সমর্থক ছাত্রদের ২০টি এবং বঙ্গবন্ধু হলের ৩০টি কক্ষে ভাঙচুর চালান ছাত্রলীগের কর্মীরা।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গোলাম আযম আটক হওয়ার খবরে আনন্দমিছিল করে ছাত্রলীগের কর্মীরা নিজ নিজ হলে যান। পরে শিবির ক্যাডাররা সংগঠিত হয়ে তাঁদের ওপর হামলা চালায়।’ মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও এ ব্যাপারে ছাত্রশিবিরের কোনো নেতার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।রাত নয়টার দিকে ক্যাম্পাসে অবস্থানরত সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) রওশনুজ্জামান বলেন, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বহিরাগতদের আটক করতে পুলিশে বিভিন্ন হলে তল্লাশি চালাচ্ছে। কক্ষ ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে শাহ পরান হলের প্রাধ্যক্ষ মোস্তাবুর রহমান বলেন, ‘বহিরাগত সন্ত্রাসীসহ শিবিরকর্মীরা হলে প্রবেশ করেছিল। পুলিশ বহিরাগতদের আটকে তল্লাশি চালাচ্ছে।’রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায় বলেন, ঘটনার পর প্রক্টরিয়াল বডির সঙ্গে উপাচার্যের বৈঠক হয়েছে। বৈঠকে কাল (আজ) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারীতি চলবে।