ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ৪০, আটক ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কারমাইকেল কলেজে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর গতকাল সন্ধ্যা ছয়টার মধ্যে কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের সব ছাত্রাবাস ও ছাত্রীনিবাস ছেড়ে যেতে বলা হয়।সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কারমাইকেল কলেজ থেকে ২১ জন ছাত্রশিবিরের নেতা-কর্মীকে আটক করা হয়েছে। স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গতকাল সকাল থেকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কলেজের তৃতীয় ভবনের সামনের কদমতলায় জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা মিছিল বের করার প্রস্তুতি নেন। ক্যাম্পাসে আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বেলা আড়াইটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটায় সাধারণ শিক্ষার্থীসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।সংঘর্ষের সময় ক্যাম্পাস থেকে রংপুর মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ ২১ জনকে আটক করে পুলিশ।বেলা আড়াইটার পর অতিরিক্ত পুলিশ সুপার এস এম রশিদুল হকের নেতৃত্বে কলেজের জিএল, সিএম ও ওসমানী ছাত্রাবাসে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় বেশ কিছু লাঠিসোঁটা।ছাত্রশিবিরের রংপুর মহানগর কমিটির সভাপতি আলমগীর হোসাইন অভিযোগ করেন, ছাত্রলীগের হামলা থেকে বাঁচতে শিবিরের নেতা-কর্মীরা আত্মরক্ষার চেষ্টা করেছেন।