ছাত্রলীগ-শিবিরকে বাহবা, অন্যদের বেলায় নিয়ম!
চলতি বছরের ২৮ সেপ্টেম্বর। ২৭তম সম্মেলন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্যাম্পাসের ভেতরে সম্মেলন করার জন্য অনুমতি চায় ছাত্র ইউনিয়ন। কিন্তু ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দোহাই দিয়ে তাদের অনুমতি দেওয়া হয়নি। পরে রেলস্টেশন চত্বরে সম্মেলন করে ছাত্র ইউনিয়ন।
ছাত্র ইউনিয়ন অনুমতি চেয়ে না পেলেও ছাত্রলীগ কোনো অনুমতির ধার ধারেণা। তারা হরহামেশা ক্যাম্পাসের ভেতরে কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচিতে বাধা দেয়নি পুলিশ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ তাদের অধিকাংশ কর্মসূচিই সহিংস এবং পরস্পরের বিরুদ্ধে।
এদিকে এত দিন নীরবে কর্মসূচি পালন করলেও সরকারের শেষ সময়ে এসে খোলস ছেড়ে বেরিয়েছে ছাত্রশিবির। সাম্প্রতিক হরতাল সামনে রেখে শিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের ভেতরে শোডাউন করেন এবং কেন্দ্রীয় মসজিদের ভেতরে কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জের ধরে ২০১১ সালের মার্চ মাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এর পর থেকে অন্যান্য ছাত্রসংগঠনের জন্য এটি কার্যকর থাকলেও ছাত্রলীগ ও শিবিরের বেলায় এটি অলিখিতভাবে অকার্যকরই থাকে। এ সময়ের মধ্যে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করতে গিয়ে একাধিকবার ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়েছে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশিদুল সামির প্রথম আলোকে বলেন, ‘আমরা অনুমতি চেয়েও পাই না। আর ছাত্রলীগ-শিবির বিনা অনুমতিতে ক্যাম্পাসের ভেতরে কর্মসূচি পালন করে। প্রশাসনের এই বৈষম্যের কারণে সুষ্ঠু ছাত্ররাজনীতির পরিবর্তে দুষ্ট ছাত্ররাজনীতির সৃষ্টি হচ্ছে।’
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মিঠু বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো সরাকারি দলের ছাত্রসংগঠন হিসেবে ছাত্রলীগকে কর্মসূচি পালনের অনুমতি দেয়, ছাত্রশিবিরকে কেন দেয়, তা আমার বোধগম্য নয়। সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে হয়তো আমাদের অনুমতি দেয় না।’ একই কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতারা।
তবে বিষয়টি অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের সহাকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বিভিন্ন সময়ে ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাসে বিক্ষোভ করতে চায়। আমরা রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ বলে তাদের অনুমতি দিই না। তবে কেউ কেউ বিক্ষোভ বের করলে আমরা তাদের বুঝিয়ে বললে তারা শান্ত হয়।’