ছাত্রলীগ-শিবিরে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি এবং ওই কলেজের ছাত্র সংসদের কার্যক্রম স্থগিত করার পরও সেখানে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। জানা গেছে, হাতাহাতিতে লিপ্ত ছাত্রলীগের নেতাদের সবাই ছাত্রদলের কর্মী আবিদুর রহমান হত্যা মামলার আসামি।আবিদুর রহমান হত্যাকাণ্ডের পর থেকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও সংসদের কার্যক্রম স্থগিত করা হয়। এরপর কলেজ এক মাস সাত দিন বন্ধ ছিল। গত ২৮ অক্টোবর কলেজ খুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, দুপুরে আজিজুল হাকিম, হাসান আল মান্না, শরিফুল ইসলামসহ কয়েকজন ছাত্রশিবিরের কর্মী মোজাম্মেল চত্বরের সামনে চা খাচ্ছিলেন। এ সময় সেখানে ছাত্রলীগের নেতা ও কলেজছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) হিমেল চাকমা, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল পারভেজ ও সহ-সাধারণ সম্পাদক বিজয় সরকার উপস্থিত হন। (তাঁরা সবাই আবিদুর রহমান হত্যা মামলার আসামি। তাঁরা এখন জামিনে রয়েছেন।) তাঁরা শিবিরকর্মীদের হুমকি-ধমকি দিলে দুই পক্ষে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। আজিজুল হাকিম সামান্য আহত হন বলে শিবিরের দাবি। পরে পাঁচলাইশ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘দুই পক্ষে কথা-কাটাকাটি হলেও বড় কোনো ঘটনা ঘটতে পারেনি।’ঘটনার পর শিবিরের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষকে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে। এ প্রসঙ্গে কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য নাছির উদ্দিন মাহমুদ বলেন, ক্যাম্পাসে যাতে অপ্রীতিকর কিছু ঘটতে না পারে, সে জন্য তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে ব্যবস্থা নেবেন।