দিনাজপুর সরকারি কলেজে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে তিন পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। সাদ্দাম হোসেন নামের শিবিরের এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।খালিদ হোসেন, রকিবুল হাসান নামের দুই ছাত্র জানান, সন্ধ্যায় কলেজ-সংলগ্ন সুইহারী মোড়ে দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম, সম্পাদকমণ্ডলীর সদস্য আয়াতুল্লাহ্ ও মাঈদুল ইসলামের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। রাতে উভয় ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী আবদুল জলিল, মোবারক হোসেনসহ অনেকে জানান, রাত ১১টার দিকে কমপক্ষে শিবিরের ৫০ জন কর্মী হাঁসুয়া, চাপাতি, চায়নিজ কুড়াল, ছুরি নিয়ে ‘অজয় ছাত্রাবাসে’ হামলা চালান। ওই সময় ছাত্রলীগ ও শিবিরের কর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ছাত্রলীগের কর্মীরা জড়ো হয়ে শিবিরের ‘হিমি ছাত্রাবাসে’ পাল্টা হামলা চালিয়ে শিবিরের কর্মীদের পিটিয়ে বের করে দেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা ছাত্রাবাসটিতে আগুন ধরিয়ে দেন।পুলিশ সুপার মো. ময়নুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হামিদুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।ছাত্রলীগের দিনাজপুর কলেজ শাখার সভাপতি রিয়াজুল ইসলাম জানান, শিবিরের ক্যাডারদের অতর্কিত হামলায় তিনি ছাড়াও শহর শাখার যুগ্ম আহ্বায়ক রায়হান হান্নানসহ সাতজন আহত হন।মো. আবদুল কাইয়ুম বলেন, পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের কর্মীরা ঘুমন্ত অবস্থায় ‘হিমু ছাত্রাবাসে’ আক্রমণ করে আগুন জ্বালিয়ে দেন। এ সময় ছাত্রলীগের কর্মীদের হাতে তাঁদের ২৫ জন আহত হন বলে কাইয়ুম দাবি করেন।কলেজের অধ্যক্ষ আহমেদ হোসেন বলেন, ঘটনার পর গতকাল কলেজে দুই দফা একাডেমিক কাউন্সিলের সভা হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। এ ঘটনায় আজ (বৃহস্পতিবার) পুনরায় সভা আহ্বান করা হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদ্দামকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।