
রাজধানীর বঙ্গবাজারের পাশে আনন্দবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে শ্রমিক লীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটে অন্তত ১০ জন ছাত্র আহত হয়েছেন। সংঘর্ষের সময় ছাত্ররা একটি বাসে আগুন ধরিয়ে দেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের উল্টো দিকে রেলের জমিতে গড়ে উঠেছে আনন্দবাজার। এখানে তিন শতাধিক রকমারি দোকান রয়েছে। গতকাল বাজারটি উচ্ছেদ করে জায়গাটি দখলে নিতে যায় রেল কর্তৃপক্ষ। সঙ্গে ছিল পুলিশ ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের শ্রমিক লীগ ও ৭০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আর স্থানীয় ব্যবসায়ীরা এ উচ্ছেদে বাধা দেন। ঘটনাচক্রে ব্যবসায়ীদের পক্ষ নিয়ে দখল নিতে আসা ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্ররাও। দুপুর ১২টায় শুরু হয়ে থেমে থেমে প্রায় দেড় ঘণ্টা চলে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া। আনন্দবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার করিম মোল্লা প্রথম আলোকে বলেন, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শ্রমিক লীগের সভাপতি খায়ের হোসেন (কালা বাচ্চু নামে পরিচিত), ৭০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক কমিশনার মীর ছমির ও জাতীয় পার্টির সাবেক নেতা জামালউদ্দিন তাঁদের কর্মীদের নিয়ে রেলওয়ের পক্ষ হয়ে সাইনবোর্ড টাঙাতে গতকাল সকাল ১০টার দিকে আনন্দবাজার এলাকায় যান। এ সময় তাঁদের সঙ্গে চার প্লাটুন পুলিশ ছিল। ব্যবসায়ীদের সঙ্গে সাইনবোর্ড টাঙানো নিয়ে তাঁদের তর্ক চলছিল। এ সময় একুশে হলের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে শ্রমিকনেতাদের ঝামেলা বাধে।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাজী আবদুর রাশেদ এবং শহীদুল্লাহ্ হলের মাসুদ ও মোতালেব অমর একুশে হলের বিপরীতে একটি রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেন। খাওয়া শেষে টাকা পরিশোধের সময় খায়ের হোসেনের এক সমর্থক রাশেদের কলার ধরে পরিচয় জিজ্ঞেস করেন। রাশেদ ছাত্রলীগের নেতা পরিচয় দিলে প্রতিপক্ষ মনে করে সেখানে উপস্থিত শ্রমিক লীগের কর্মীরা তাঁকেসহ তিনজনকে মারধর করেন। এ খবর পেয়ে অমর একুশে হল ও শহীদুল্লাহ্ হল থেকে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শ্রমিক লীগের কর্মীদের ধাওয়া করেন। স্থানীয় ব্যবসায়ীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে শ্রমিক লীগের নেতা-কর্মীরা পালিয়ে যান। ছাত্রলীগের কর্মীরা তখন চানখাঁরপুল মোড়ে একটি বাসে (নারায়ণগঞ্জ জ-০৪০১৮০) আগুন ধরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় পুলিশের সামনেই খায়ের ছাত্রলীগের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে গুলি ছোড়েন। এ সময় ছাত্রলীগের নেতা রাশেদ গুলিবিদ্ধ হন।
তবে খায়ের গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ওই মার্কেটের পাশেই তাঁদের টার্মিনাল। পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হলে তাঁরা সরে যান বলে দাবি করেন।
শ্রমিক লীগের নেতা-কর্মীরা পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল একুশে হলের সামনে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে কথা বলেন। আলোচনা শেষে চানখাঁরপুলের দিকে চলে যান তিনি। এর কিছুক্ষণ পরই শাহবাগ থানার পুলিশ অমর একুশে হলের সামনের দিকে এবং চকবাজার থানার পুলিশ চানখাঁরপুল এলাকা থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে আসেন এবং বেধড়ক লাঠিপেটা করে। এ সময় ক্লাস শেষে হলে ফেরা অনেক সাধারণ ছাত্রও পুলিশের হামলার শিকার হন। এক ছাত্রের পায়ে বন্দুক ঠেকিয়ে রাবার বুলেট ছোড়ার অভিযোগও পাওয়া গেছে।
ছাত্রলীগের কর্মীরা দৌড়ে হলে আশ্রয় নিলে সেখানেও গুলি ছোড়ে পুলিশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টররা শহীদুল্লাহ্ হলের সামনে ছিলেন। তাঁরা নিষেধ করলেও পুলিশ গুলি ছুড়তে থাকে।
ধাওয়া শেষে পুলিশ চলে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আবারও রাস্তায় নেমে আসেন। পুলিশের হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরাও তখন রাস্তায় নেমে আসেন। অমর একুশে হলের শিক্ষার্থীরা হলের সামনে ও শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীরা চানখাঁরপুলে ও দোয়েল চত্বরে অবরোধ করেন। পুলিশের হামলার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে—বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আশ্বাসের পর ছাত্ররা বেলা তিনটার দিকে অবরোধ তুলে নেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, অনুমতি ছাড়া কর্তৃপক্ষের উপস্থিতিতেই পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে ও গুলি চালিয়েছে। পুলিশের গুলিতে শিক্ষার্থীরা আহত হয়েছেন। শিক্ষকদের গায়েও গুলি লাগতে পারত। পুলিশ এমন আচরণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
গুলিবিদ্ধ ছয়জন: ছাত্রলীগের নেতা কাজী আবদুর রাশেদ, প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র ইফাত ও মাসুদ, পরিসংখ্যান বিভাগের ছাত্র সজীব ও রনি এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র সোহাগ গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া পুলিশের লাঠিপেটায় মুরাদ, সাইফুল, অপু ও হারুন আহত হন। সজীব বলেন, ক্লাস শেষে ফেরার সময় পুলিশের হামলার শিকার হন তিনি।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল প্রথম আলোকে বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে তাদের ১৩ শতক জায়গায় সাইনবোর্ড লাগাতে সহায়তা করতে পুলিশ আনন্দবাজারে গিয়েছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে ধাওয়া করেন এবং বাসে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি সামাল দিতে গুলি ছোড়ে পুলিশ।
ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে, আনন্দবাজার এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে অমর একুশে হল ও শহীদুল্লাহ্ হলের ছাত্রলীগের কিছু নেতা-কর্মী দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছেন। রেলওয়ে বাজার উচ্ছেদ করলে তাঁরা সেই চাঁদা থেকে বঞ্চিত হবেন ভেবেই এতে বাধা দেওয়া হয়। তবে ছাত্রলীগের একুশে হল শাখার সভাপতি মাহমুদুল হাসান এ অভিযোগ অস্বীকার করেন।
অন্যদিকে পাশেই ফুলবাড়িয়া টার্মিনাল হওয়ায় বাজারের ওপর নিয়ন্ত্রণ চান শ্রমিক লীগের নেতারা। এ কারণেই দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে।
মামলা ও তদন্ত কমিটি: পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, ঘটনার সময়ে সেখানে এক প্লাটুনের (২২ থেকে ২৮ জন) মতো পুলিশের সদস্য ছিলেন। পরে তাঁদের সবাইকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এই সংঘর্ষে আহত ছাত্রলীগের নেতা রাশেদ বাদী হয়ে শ্রমিক লীগের নেতা খায়ের হোসেন ওরফে বাচ্চুসহ অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানিয়েছেন।