ছাত্রলীগ সবই করতে পারে ছাত্রজোটের ক্ষেত্রে লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মিছিল ও সভা-সমাবেশ করে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। পুলিশ তাতে বাধা দেয় না। কিন্তু প্রগতিশীল ছাত্রসংগঠনসহ অন্যরা কোনো কর্মসূচি দিলেই পুলিশ তাদের ওপর হামলা চালায়।প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে গতকাল বুধবারও লাঠিপেটা করেছে পুলিশ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ওপর গত মঙ্গলবার ছাত্রলীগের হামলার প্রতিবাদে তারা এই মিছিল বের করে। এ সময় পুলিশের লাঠিপেটায় আটজন নেতা-কর্মী আহত হন। এ ছাড়া পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিলেও পরে ছেড়ে দেয়।২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ছাত্রলীগের কর্মী ফারুক হত্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা থাকলেও ছাত্রলীগ যথারীতি তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। এমনকি সশস্ত্র অবস্থায় অন্য দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালালেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ছাত্রলীগ প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ রকম দ্বিমুখী নীতিতে প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্র্রিক ছাত্রফ্রন্টের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে প্রগতিশীল ছাত্রজোট মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে গেলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে আট নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশ পাঁচ জনকে আটক করে থানায় নিলেও পরে ছেড়ে দেয়।তবে গত ১১ সেপ্টেম্বর ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশের সামনেই ছাত্রদলের মিছিলে হামলা করে। এরপর ১৭ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর ছাত্রলীগ রাতেই ক্যাম্পাসে সশস্ত্র মিছিল করে।২ অক্টোবর ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ শিবিরকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা প্রকাশ্যে পুলিশের সামনে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়েন। পরদিন ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল বের করে। এতে ক্যাম্পাসের বাইরের ছাত্রনেতারাও অংশ নেন। মিছিল শেষে ক্যাম্পাসে তাঁরা সমাবেশ করেন। পুলিশ তাঁদের কিছুই বলেনি।ছাত্র ফেডারেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক বলেন, ‘ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করছে। এমনকি অস্ত্র নিয়ে অন্য দলের ওপরে হামলা চালাচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। এমনকি ছাত্রশিবির ক্যাম্পাসে মহড়া দিলেও পুলিশ তাদের বাধা দেয়নি।’ রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুজ্জামান বলেন, ‘এটা ঠিক না যে, আমরা ছাত্রলীগকে ধরছি না। অন্যদের ধরছি। আসলে সেদিনের ঘটনাটি “একটি অ্যাকসিডেন্ট”। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মুহাম্মদ জাকারিয়া বলেন, ‘আইন তো থাকেই। তবে ২ অক্টোবরের ঘটনার পর থেকে তা কড়াকড়ি করা হয়েছে।’