ছাত্রলীগ সভাপতিকে চড় মারায় ১ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামকে চড় মারায় ওই সংগঠনের এক কর্মীকে এক হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কর্মীর নাম সাইফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সমর্থক।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান আজ বুধবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শরিফুল ইসলামকে চড় মারায় গত ২৬ মে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৩৪তম সভায় সাইফুলকে ১ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল বৃহস্পতিবার এটি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, সালাম না দেওয়ায় গত ৩১ জানুয়ারি সাইফুল ইসলামকে চড় দেন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। জবাবে সাইফুলও শরিফুলকে পাল্টা চড় দেন। এ সময় শরিফুলের সঙ্গে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা সাইফুলকে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় সাইফুলকে সাময়িক বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাইফুল ইসলামকে জরিমানা করার সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাইফুলকে পিটিয়ে গুরুতর আহত করলেও শরিফের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।