ছাত্রলীগ সভাপতিকে 'অবাঞ্ছিত' ঘোষণা করে মিছিল
সুনামগঞ্জে পদবঞ্চিত ছাত্রলীগ নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার শহরে কালো পতাকা মিছিল করে সংগঠনের জেলা সভাপতিকে শহরে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। এ সময় তাঁরা সভাপতির কুশপুত্তলিকা দাহ করেন। দুপুরে শহরে ‘ফজলে রাব্বী সরণকে অবাঞ্ছিত ঘোষণা’ লেখা ব্যানার নিয়ে মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের হাতে কালো পতাকা ছিল। তবে মিছিলে জেলা কমিটির ১০ সদস্যের কেউ ছিলেন না। মিছিল শেষে শহরের আলফাত স্কয়ারে পথসভা করা হয়। পথসভায় আড়াই বছরেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, জেলা সভাপতি ফজলে রাব্বীর প্রতি নেতা-কর্মীদের কোনো আস্থা নেই। সংগঠনে স্থবিরতা বিরাজ করছে। সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। তিনি নিজে চাঁদাবাজিতে জড়িত।
পথসভায় বক্তব্য দেন সামিয়ান, আবু লেইছ, রাজিব সেন, সাজ্জাদুর রহমান প্রমুখ। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এই কাজ যারা করেছে, তারা ছাত্রলীগের কেউ নয়। বিরোধী রাজনৈতিক শিবিরের মদদে এসব করছে তারা।’