জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ১৫ জন সাংবাদিকের বিরুদ্ধে আজ মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এর বাদী হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি কাজী মোবারক। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের নির্দেশে এ মামলা করা হয় বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন নেতা।
মোবারক শরিফুল ইসলামের পক্ষের কর্মী হিসেবে পরিচিত ।
এদিকে গত রোববার মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আজ রাত সাড়ে নয়টার দিকে কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেছেন কালের কণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জসীম রেজা। এতে মোবারকসহ ছাত্রলীগের ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ ও ডেইলি সানের বিরুদ্ধে ঢাকার মিরপুরের সরকারদলীয় সাংসদ কামাল মজুমদারের দায়ের করা মামলার প্রতিবাদে গত রোববার ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক সমিতি। পরে মানববন্ধন চলাকালে কোনো কারণ ছাড়াই হামলা করেন কাজী মোবারক ও শরিফুলের কর্মীরা। তখন উভয় পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ প্রায় ১২ জন আহত হন।
মোবারকের দায়ের করা মামলার বিবাদীরা হলেন জসীম রেজা, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম, প্রথম আলোর প্রতিবেদক মুসা আহমেদ, সমকাল-এর এস এম আল-আমিন, জনকণ্ঠ-এর সাহান ইমাম, মানবজমিন-এর গোলাম মাওলা, ইত্তেফাক-এর জুবায়ের ইসলাম, নিউ নেশন-এর হাসান মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট-এর রফিকুল ইসলাম, নিউএজ-এর ইমরুল হাসান বাপ্পি, শীর্ষ নিউজের নজরুল ইসলাম, ভোরের ডাক-এর সাদ্দাম হোসাইন, অর্থসূচক-এর মিরাজুল ইসলাম, নতুন বার্তা-এর মাহফুজ আহমেদ ও বাংলার বার্তার জহিরুল ইসলাম।
জসীম রেজার মামলার বিবাদীরা হলেন কাজী মোবারক, আলোকিত বাংলাদেশ-এর প্রতিনিধি মনিরুজ্জামান, সকালের খবর-এর তানভির রায়হান, বর্তমান-এর সুব্রত মণ্ডল, দ্য রিপোর্ট-এর লুত্ফর রহমান, বাংলা মেইলের হেদায়েত উল্লা ও ছাত্রলীগের কর্মী রাসেদুজ্জামান, জামাল হোসেন, ফয়সাল শাহিনসহ অজ্ঞাত নামা আরও ২০ থেকে ৩০ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই পক্ষের একাধিক সাংবাদিক ও পুলিশের এক কর্মকর্তা জানান, সাংবাদিকদের দুই পক্ষই মামলা করতে অনীহা প্রকাশ করেছে। পরে আজ মোবারককে সঙ্গে নিয়ে মামলা করেছেন শরিফুল ইসলাম। কারণ, ছাত্রলীগের সব অপকর্মের সংবাদ বিভিন্ন সময় প্রকাশ করে আসছিল ওই সংবাদপত্র ও অনলাইনগুলো।
তবে মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন শরিফুল ইসলাম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম ফিরোজ মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।