ছাত্রলীগ সভাপতির সঙ্গে আলোচনা, খোলা হয়েছে দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতা সেখানকার এক দোকানদারকে মারধর করার প্রতিবাদে ও বিচার দাবিতে বন্ধ রাখা দোকানগুলো খোলা হয়েছে। এক দিন বন্ধ রাখার পর গতকাল সোমবার দোকান খুলেছেন দোকানদারেরা।

দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, দোকান বন্ধ রাখার পরিপ্রেক্ষিতে গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তাঁদের সঙ্গে আলোচনা করেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—ছাত্রলীগ সভাপতির এমন আশ্বাসে তাঁরা দোকান খুলেছেন।

গতকাল দুপুরে বটতলায় গিয়ে দেখা যায়, মওলানা ভাসানী হলের নিয়ন্ত্রণাধীন দোকানের অধিকাংশই খোলা হয়েছে। তবে দুই-একটি দোকান বন্ধ ছিল।

সিগারেট না পেয়ে গত শনিবার দুপুরে বটতলার চা-সিগারেটের দোকানদার নাহিদকে মারধর করেন আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান। এর প্রতিবাদে বটতলার খাবার ও চা-সিগারেটের দোকানসহ অন্তত ২২টি দোকান বন্ধ রাখেন দোকানদারেরা। একই সঙ্গে তাঁরা সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।