জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বহিষ্কৃত ২৩ জন নেতা-কর্মীর মধ্যে আটজনের বহিষ্কার আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল রোববার তাঁদের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এই আটজন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম (৩২তম ব্যাচ, গণিত বিভাগ), সাধারণ সম্পাদক নির্ঝর আলম (৩৩তম ব্যাচ, ইংরেজি), আরিফ হোসেন (৩৮তম ব্যাচ, প্রত্নতত্ত্ব), উজ্জল কুমার বাকশি (৩৭তম ব্যাচ, প্রত্নতত্ত্ব), আলমগীর হোসেন (৩৭তম ব্যাচ, বাংলা), আরিফুল হক (৩৫তম ব্যাচ, বাংলা), বিজয় কুমার দাস (৩৫তম ব্যাচ, বাংলা) এবং এস এম আতিকুল বারী (৩৭তম ব্যাচ, প্রত্নতত্ত্ব বিভাগ)।নেতা-কর্মীদের আইনজীবী মাহবুব শফিক প্রথম আলোকে বলেন, আটজনের বহিষ্কার আদেশ স্থগিত করায় তাঁদের স্বাভাবিক শিক্ষাজীবন চালিয়ে যেতে কোনো বাধা নেই।