চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার দুপুরে প্রতিপক্ষের এক কর্মীকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের কর্মীরা। আহত ওই ছাত্রের নাম শহীদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুরে কলা অনুষদের ঝুপড়িতে শহীদুল বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ-সমর্থিত শাটল ট্রেনের বগিভিত্তিক পক্ষ ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) সাত-আটজন সদস্য লোহার রড ও জিআই পাইপ নিয়ে তাঁর ওপর হামলা চালান। ঘটনার সময় ঝুপড়িতে অবস্থানরত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। কয়েকজন ঝুপড়ি ব্যবসায়ী দোকান বন্ধ করে দেন।শহীদুলের বন্ধুরা আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।সংগঠন সূত্রে জানা যায়, শহীদ একসময় ছাত্রলীগ-সমর্থিত বগিভিত্তিক পক্ষ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) সক্রিয় কর্মী ছিলেন। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান হামলার সত্যতা নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান প্রথম আলোকে বলেন, ‘তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এ প্রসঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক প্রথম আলোকে বলেন, ‘জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।