ছাত্রলীগকর্মীদের হামলায় সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত একজন সাংবাদিকের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছেন ছাত্রলীগের কর্মীরা। গত বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।আহত সাংবাদিকের নাম মাহবুব তামিম। তিনি নয়া দিগন্ত পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির-সমর্থিত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. তানজিম হোসেনের অনুসারী নূর মোহাম্মদ নাজমুলের নেতৃত্বে ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী দা-কিরিচ নিয়ে তামিমের ওপর হামলা চালান। এ সময় সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তামিমকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসিম হাসান, সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এবং হাটহাজারী সার্কেলের এএসপি বাবুল আক্তার ঘটনাস্থলে ছুটে আসেন।হামলার শিকার মাহবুব তামিম বলেন, সোহরাওয়ার্দী হলের সামনে ছাত্রলীগের কর্মী নূর মোহাম্মদ নাজমুলের নেতৃত্বে ১৫-২০ জন সদস্য দা-কিরিচ নিয়ে হামলা চালান। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাঁকে বেধড়ক মারধর করা হয়।হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের কর্মী নূর মোহাম্মদ নাজমুল বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি বরং তাঁকে রক্ষা করে পুলিশের হাতে তুলে দিই।’পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাহেদ সরওয়ার ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি মামুনুল হক ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীসহ বর্তমান কমিটির নেতারা হামলার ঘটনার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতাদের কাছে ক্ষমা চান। নিন্দা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকে সমিতি।