ছাত্রলীগকে আবারও জানানো হলো প্রধানমন্ত্রী প্রচণ্ড ক্ষুব্ধ
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিকের নিহত হওয়া, ঢাকা কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে ভর্তি-বাণিজ্যসহ সাম্প্রতিক কর্মকাণ্ডে ছাত্রলীগের ওপর ক্ষুব্ধ সরকারের নীতিনির্ধারকেরা। গতকাল শনিবার ছাত্রলীগ নেতাদের এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও বি এম মোজাম্মেল হক।ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ছাত্রলীগের সাবেক এই দুই নেতা ও আরেক সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে দায়িত্ব দেন। এরই পরিপ্রেক্ষিতে দুই নেতা গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন।বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যা সাতটায় এ বৈঠক বসে। শেষ হয় রাত ১০টায়। বৈঠক শেষে আওয়ামী লীগের দুই নেতার কাছে মন্তব্য জানতে চাইলেও তাঁরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।তবে ছাত্রলীগের একজন নেতা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের দুই নেতা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ওপর সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা খুব শিগগির এই কমিটি ভেঙে দেওয়ার কথাও বলেন। কেন্দ্রীয় কমিটির দুই নেতা যে দল সামলাতে পারছেন না, সে বিষয়টিও তাদের বলা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের সব নেতাকেই বলা হয়েছে, ছাত্রলীগের দুর্নামের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ।বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা বি এম মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন, ছাত্রলীগে কী কী সমস্যা আছে এবং কীভাবে সেগুলো সমাধান করা যায়, তা দেখার জন্য। আমরা ছাত্রলীগের সংকট ও সমস্যাগুলো চিহ্নিত করছি। আমরা আবারও বৈঠকে বসব। সবার সঙ্গে কথা বলে মতামত জানার চেষ্টা করব।’