ছাত্রলীগকে চাঁদা না দেওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা মাস্টার্সে অধ্যয়নরত ভবতোষ কুমার নামে এক ছাত্রকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করেছেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে এ ঘটনা ঘটে।বাকৃবি শাখা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্র মনিরুজ্জামান পাপ্পু প্রথম আলোকে বলেন, ‘আমার নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নাজমুল হুদা, উপপ্রচার সম্পাদক নয়ন হাওলাদার, উপধর্ম সম্পাদক মুহিবুল্লাহ, সদস্য আবুল কালাম আজাদ ওরফে তনুসহ আরও কয়েকজন মিলে ভবতোষ কুমারকে লাঠি দিয়ে পিটিয়েছি এবং এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়েছি।’কেন এ রকম জখম করলেন—এই প্রশ্নের জবাবে পাপ্পু বলেন, ‘ভবতোষ নেশাখোর। তার চলাফেরায় ঔদ্ধত্য ভাব আছে। সে আমাকে সাইকেল দিয়ে আঘাত করে পায়ের নখ তুলে ফেলেছে। কাজেই এ রকম শাস্তি দেওয়া হয়েছে।’ক্যাম্পাসের প্রতক্ষ্যদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে মাস্টার্স করতে আসা শিক্ষার্থীদের হলে থাকার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের চাঁদা দাবি একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। এরই ধারাবাহিকতায় পাপ্পু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে বাকৃবিতে মাস্টার্স করতে আসা শিক্ষার্থী ভবতোষ কুমারের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ভবতোষ চাঁদা দিতে গড়িমসি করায় পাপ্পু প্রথমে তাঁর রুমে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁর ঘরে থাকা একটি বাইসাইকেল দিয়ে তাঁকে আঘাত করতে যান। ভবতোষ ফেরাতে গিয়ে নিজের হাতে আঘাত পান এবং সাইকেল পড়ে গিয়ে পাপ্পুও আহত হন। এর ঘণ্টা দেড়েক পরে পাপ্পুর নেতৃত্বে আরও সাত-আটজন নেতা-কর্মী এসে ভবতোষকে মারধর করেন।বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি শামছুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।বাকৃবির প্রক্টর অধ্যাপক এম এ সালাম বলেন, ওই ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।