ছাত্রলীগকে ধন্যবাদ দিয়েছেন এরশাদ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে জড়ো হওয়া গণজাগরণ মঞ্চের কর্মীদের সরিয়ে দেওয়ায় বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।গতকাল বুধবার জাতীয় পার্টির এক ইফতার অনুষ্ঠানে এরশাদ বলেন, ‘ছাত্রলীগ বিপথে চলে গিয়েছিল, সে জন্য তাদের সমালোচনা করেছিলাম। আজ একটা ভালো কাজ তারা করেছে। শাহবাগ চত্বর থেকে লাঠিপেটা করে ওদের (গণজাগরণ মঞ্চের কর্মীদের) সরিয়ে দিয়েছে। সে জন্য তাদের ধন্যবাদ জানাই। এই একটা ভালো কাজের জন্য ছাত্রলীগের সব সমালোচনা ভুলে গেলাম।’রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ আরও বলেন, ‘ইসলামের ওপর একের পর এক আঘাত এসেছে। দুর্ভাগ্য, মুসলমান হলে আজ মৌলবাদী বলা হয়। তাহলে আমিই সবচেয়ে বড় মৌলবাদী। ওরা (গণজাগরণ মঞ্চ) দেশকে বিভক্ত করেছিল। আমরা ক্ষমতায় গিয়ে দেশকে আবার এক করব।’জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযম ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলার রায়ের প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘আমার বিরুদ্ধেও অনেক রায় হয়েছে, কোনোটা পক্ষে; কোনোটা বিপক্ষে। আদালতের রায় নিয়ে আমি কোনো মন্তব্য করি না। আদালতকে অনুরোধ করব, আল্লাহর পর বিচারক। এ স্থানটার কথা আপনারা মনে রাখবেন। তাহলে দেশের মানুষ আপনাদের মনে রাখবে।’ তিনি বলেন, ‘আমি ২২ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরি। একটা মামলায় ১৮ বছর আদালতে যাই। কিন্তু মামলার সুরাহা হয় না। আমি রাষ্ট্রপতি, সেনাপ্রধান ছিলাম। আমার যদি এ অবস্থা হয়, সাধারণ মানুষের কী অবস্থা, তা বুঝে নিতে পারবেন।’জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, জি এম কাদের, কাজী ফিরোজ রশিদ, মোস্তফা জামাল হায়দার, আবদুস সবুর প্রমুখ।