ছাত্রলীগকে লেখাপড়াও করতে বললেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের রাজনীতির পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হতে বলেছেন।

আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘সংগঠন করতে হবে। তবে লেখাপড়া বাদ দিয়ে নয়। রাজনীতি করার পাশাপাশি ছাত্রলীগ নেতা-কর্মীদের বলব, লেখাপড়ার প্রতি মনোযোগ দাও। কারণ শিক্ষা ছাড়া একটি জাতির উন্নয়ন সম্ভব নয়।’

শেখ হাসিনা বলেন, ‘সবাইকে জাতির পিতার আদর্শ নিয়ে মনোযোগ দিয়ে পড়তে হবে। মহত্ অর্জনের জন্য তোমাদের মহান ত্যাগী হতে হবে। বিশ্বায়নের এই যুগে নিজেদেরকে প্রস্তুত করতে হবে বিশ্বমাপের করে। জাতির পিতার আদর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘উনি (খালেদা জিয়া) ছাত্রদের হাতে তুলে দিয়েছিলেন অস্ত্র আর আমরা তুলে দিয়েছি কলম।’

২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার কীভাবে দুই বছর ছিল, আপনারা দেখেছেন। তাদের বিরুদ্ধে ছাত্র ও শিক্ষকেরা আন্দোলন করে প্রমাণ করে দিয়েছেন, বাংলাদেশের জনগণ কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না।’

শেখ হাসিনা বলেন, সংবিধান সংশোধনের বিশেষ কমিটিতে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধি নেওয়া হয়েছে। বিএনপি প্রতিনিধি দেয়নি। কিন্তু আইন মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে তাঁরা উপস্থিত ছিলেন। এই বিল সেখানে তাঁরা অনুমোদন করেন। এখন কেন তাঁরা প্রশ্ন তুলছেন।

সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘তত্ত্বাবধায়ক সংশোধনী বিলটি নিয়ম মেনেই পাস করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক সৃষ্টি হয়। আমরা মনে করি, গণতন্ত্রের সে সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান মোতাবেক রাষ্ট্র পরিচালিত হবে। ভবিষ্যতে আর কখনো যেন অসাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালিত না হয়, সেটা এই সংশোধনীতে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষ ভোটের মালিক। তারাই প্রতিনিধি নির্বাচিত করবে। কেউ এখানে প্রভাবিত করবে না। তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া গণতন্ত্র সুরক্ষিত হবে না। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ৪২ বছরের মধ্যে কখনো শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়নি, একমাত্র ২০০১ সালে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানি লন্ডারিংয়ের টাকা ফিরিয়ে আনলেও তারা বড় বড় কথা বলে। চক্ষুলজ্জা বলেও একটা কথা আছে।’ এরপর তিনি তাঁর সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।  

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।