ছাত্রলীগকে লেখাপড়ায় মন দিতে বললেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংগঠন করার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাত্রলীগের কর্মীদের ত্যাগের আদর্শ নিয়ে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এই আলোচনা সভা হয়।
প্রধানমন্ত্রীর বক্তব্যজুড়ে ছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নেওয়া উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা এবং শিক্ষার্থীদের প্রতি উপদেশমূলক কথা।
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের পর দেখেছি যখনই ক্ষমতা বদল হয়েছে তখন কোনো না কোনো অবৈধ পন্থায় তা হয়েছে। কিন্তু ২০০১ সালে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হয়েছে।’
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এখন আর কেউ অবৈধ পন্থায় ক্ষমতা দখল করতে পারবে না। সংবিধান মোতাবেক রাষ্ট্র পরিচালিত হবে। ভবিষ্যতে আর যেন অসাংবিধানিকভাবে কেউ ক্ষমতায় আসতে না পারে সে জন্য আমরা সংবিধান সংশোধন করেছি। সে জন্য সবাইকে সতর্কও থাকতে হবে।’
প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে প্রশ্ন করেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়, কিন্তু বিএনপি ক্ষমতায় থাকলে দেশ পিছিয়ে যায় কেন? তিনি বলেন, ‘ওরা ছাত্রদের হাতে অস্ত্র, অর্থ আর মাদক তুলে দিয়েছিল। আমি ছাত্রলীগের হাতে তুলে দিয়েছিলাম কাগজ-কলম-বই। আমি একটি কথা বলেছি, আমি একটি সম্পদ দেব তা হলো শিক্ষা। ধনসম্পদ বড় কিছু না।’
শেখ হাসিনা বলেন, শিক্ষা ছাড়া, শিক্ষিত জাতি ছাড়া এ দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। এ বছরের প্রথম দিন ২৭ কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি। এ পর্যন্ত ৯২ কোটি বই বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এক লাখ ৪২ হাজার ছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছে। ৬ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জন হয়েছে। ১৬ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে। শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে, বেড়েছে শিক্ষার মান। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়তে তাঁর সরকারের বিভিন্ন কর্মসূচিরও বর্ণনা দেন।
প্রধানমন্ত্রী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘মানুষ এতটা শোক সইতে পারে না। আমি পিতা-মাতা ভাই-বোন সব হারিয়েছে। বাবার পাশ থেকে দেখেছি, এ দেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসা। তিনি সব সময় মানুষের উন্নতির কথা ভাবতেন।’ তিনি বলেন, ‘আমার একটাই লক্ষ্য, মৃত্যুর পর যেন বাবাকে বলতে পারি, মানুষের জন্য কিছু কাজ করেছি।’
ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।