ছাত্রলীগকে সমাবেশে যেতে মানা
কেন্দ্রীয় কমিটির নিষেধাজ্ঞার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা গতকাল ১৪ দলের জনসভায় যোগ দিতে পারেননি।ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী-সমর্থকদের জনসভায় যেতে মানা করা হয়েছে। তবে এই দুই প্রতিষ্ঠানের ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা গেছেন।অপর একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার রাতে এই দুটি শাখার কর্মীদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন। সংঘর্ষে গুলি-বোমা ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ দাবি করেন, মঙ্গলবার রাতের ঘটনার প্রতিবাদে তাঁরা মহসমাবেশে যাননি। তাঁরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।আর ঢাকা কলেজ শাখার আহ্বায়ক শিহাবুজ্জামান শিহাব বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশেই তাঁরা জনসভায় যোগ দেননি।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে নীলক্ষেতের লাভলী রেস্তোরাঁয় খাওয়ার সময় ছাত্রলীগের এফ রহমান ও সূর্যসেন হল শাখার দুই কর্মীর সঙ্গে ঢাকা কলেজের কিছু ছাত্রলীগের কর্মীর পায়ের সঙ্গে পা লাগাকে কেন্দ্র করে ওই সংঘর্ষের সূত্রপাত হয়।অবশ্য ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান দাবি করেন, ওই সংঘর্ষের ঘটনায় তাঁদের কোনো কর্মী জড়িত ছিলেন না। তার পরও ছাত্রলীগের কেউ জড়তি কি না, তদন্ত করে দেখা হচ্ছে।