ছাত্রলীগকে ‘শুদ্ধ করতে’ প্রশিক্ষণ কর্মশালা
কক্সবাজারে ছাত্রলীগ নেতাদের জন্য ‘রাজনৈতিক ও সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা-২০১২’ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা শহরের কলাতলী এলাকার একটি হোটেলে এ কর্মশালা শুরু হয়। দলীয় একটি সূত্র জানিয়েছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার চেতনা জাগ্রত করতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ বলেন, সকাল ১০টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে শুরু হওয়া এ কর্মশালায় জেলা ছাত্রলীগ ছাড়াও টেকনাফ, উখিয়া, রামু, কুতুবদিয়া ও চকরিয়া উপজেলা এবং কলেজ শাখা কমিটির চার শতাধিক নেতা-কর্মী অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের নিয়োগপ্রাপ্ত প্রশাসক, আওয়ামী লীগের সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এম হারুন অর রশিদ। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক সহসভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী প্রমুখ।কর্মশালা প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা এখন দলের আদর্শ মানেন না। তাঁদের অনেকেই রাজনৈতিক লক্ষ্য-আদর্শ ভুলে গিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুনসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। তাই ছাত্রলীগের নেতা-কর্মীদের শুদ্ধ করতে এবং তাঁদের রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ করতেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কক্সবাজারে এর সুফল পাওয়া গেলে সারা দেশের ছাত্রলীগের নেতা-কর্মীদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।