ছাত্রলীগে কমিটি নিয়ে দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে গত সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের উপক্রম হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল মঙ্গলবার নান্দাইল কলেজ মাঠে এক পক্ষ সংবাদ সমেঞ্চলন করে অপর পক্ষের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে। এখনই সমঝোতার উদ্যোগ না নিলে যেকোনো সময় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৭ জানুয়ারি আবু নাইম ভূঁইয়াকে সভাপতি ও আবু নাছের ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ২০১৩ সালে এ কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। চলতি বছরের ২২ এপ্রিল ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হাফিজুর রহমানকে সভাপতি ও রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করে নান্দাইল উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়। নতুন কমিটি পেয়ে ওই পক্ষের নেতা-কর্মীরা শহরে আনন্দ মিছিল বের করলে আগের কমিটির নেতারা তা প্রতিহত করার চেষ্টা চালান। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জানান, ছাত্রলীগের বিভক্তির জন্য দায়ী ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। আগের কমিটিকে নিয়মতান্ত্রিকভাবে বিলুপ্ত ঘোষণা না করে আরেকটি কমিটি গঠনের ঘোষণা দেওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে।
এ বিষয়ে জানার চেষ্টা করেও গতকাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ বি এম আক্তারুজ্জামানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গত মাসে আক্তারুজ্জামান দাবি করেছিলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে এভাবে কমিটি গঠন করে দেওয়া হয়েছে।