জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত বগুড়া ছাত্রলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি শাহ সুলতান কলেজে এক যুগ ধরে আহ্বায়ক কমিটি রয়েছে। আরও নয়টি সাংগঠনিক কমিটিরও প্রায় একই অবস্থা।
এসব কমিটির অনেক নেতার বিরুদ্ধে রেলের জায়গা দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। অনেকেই ছাত্রত্ব শেষ হওয়ায় ঠিকাদারিসহ বিভিন্ন পেশায় চলে গেছেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরো তাঁর সময়ে দুটি বৃহৎ সরকারি কলেজে কমিটি করতে না পারার কারণ হিসেবে ছাত্রলীগের সভাপতিকে দায়ী করেছেন। তিনি বলেন, মূল দলের কিছু নেতাসহ ছাত্রলীগের সভাপতির অসহযোগিতার কারণে কমিটি করা সম্ভব হয়নি। সভাপতি আল রাজী এই অভিযোগ অস্বীকার করে বলেন, দুজনের মধ্যে সমন্বয় না হওয়ার কারণে এমন হয়েছে। তবে অচিরেই এসব কমিটি গঠন করা হবে।
জানা গেছে, জেলা ছাত্রলীগের মধ্যে দ্বন্দ্বের জের ধরে আট বছর পর ২০১১ সালের ১৭ এপ্রিল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। আল রাজী ও মাশরাফি হিরোর নাম ঘোষণা করা হয়। এ দুই নেতা জেলা আওয়ামী লীগের পরস্পরবিরোধী দুই পক্ষের সমর্থনপুষ্ট। কমিটি ঘোষণার পর থেকেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তাঁরা। দ্বন্দ্বের কারণে ছাত্রলীগের ২০টি সাংগঠনিক কমিটির মধ্যে ১১টি গঠন করা যায়নি। এতে সংগঠনে একদিকে যেমন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না, অন্যদিকে সাংগঠনিক অবস্থা ঝিমিয়ে পড়েছে।
সরকারি আজিজুল হক কলেজে সর্বশেষ ২০০১ সালে ৩৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আবু জাফর মোহামঞ্চদ মাহমুদন্নবীকে আহ্বায়ক এবং কামরুল হুদা ও কামরুল হাসানকে যুগ্ম আহ্বায়ক করা হয়। শেষের দুজন বর্তমানে দুটি কলেজে শিক্ষকতা করেন। ছাত্রলীগের নাম ভাঙিয়ে আবু জাফর রেলের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করছেন। তাঁর বিরুদ্ধে ভর্তি-বাণিজ্যের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, রেলের কাছ থেকে জায়গা ইজারা নিয়ে সেখানে দোকানঘর করেছেন। তিনি কোনো ভর্তি-বাণিজ্য করেননি।
শাহ সুলতান কলেজে ২০০৩ সালে সর্বশেষ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মেহেদুল আলম ওরফে জুয়েলকে আহ্বায়ক এবং গোলাম হোসেন ও শরিফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এ কলেজেও আজ পর্যন্ত কমিটি গঠন করা হয়নি। বগুড়া সদর ও শহর শাখার কমিটিও এক যুগ আগে গঠন করা হয়েছে।
জানা গেছে, ছাত্রলীগের এই বিরোধের প্রধান কারণ জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। তাঁদের ছত্রচ্ছায়ায় এক পক্ষ কমিটি করতে চাইলেও অপর পক্ষ করতে দিচ্ছে না। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, দলে কোনো কোন্দল নেই। ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়ে আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করে না। মাশরাফি হিরো বলেন, জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা ও জেলা ছাত্রলীগের সভাপতির অসহযোগিতার কারণে আজিজুল হক কলেজে কমিটি করা যায়নি। অন্য সাংগঠনিক কমিটিগুলো নানা কারণে করা সম্ভব হয়নি।
জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী বলেন, অসহযোগিতা নয়, সমন্বহীনতার কারণে কমিটি করা যায়নি। এটা মূল দলের কোনো বিষয় নয়। অচিরেই সব সাংগঠনিক কমিটি গঠন করা হবে।