আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ যদি বিশৃঙ্খল কর্মকাণ্ড চালায়, তাহলে তার দায়দায়িত্ব নেতাদেরই নিতে হবে। ছাত্রলীগ যাতে বেপরোয়া না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। তাদের গুন্ডামি কোনোভাবে বরদাশত করা হবে না। যুদ্ধাপরাধীদের বিচারের স্বার্থে তিনি নেতা-কর্মীদের কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সৈয়দ আশরাফ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, সাংসদ শামসুল হক চৌধুরী, এ বি এম আবুল কাশেম মাস্টার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন বক্তৃতা করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন।