ছাত্রলীগে স্বঘোষিত সহসভাপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে নতুন করে একজনকে সহসভাপতি পদ দেওয়া না-দেওয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। নেতারা বলছেন, মেয়াদোত্তীর্ণ কমিটিকে আরও দীর্ঘস্থায়ী করতে সংগঠনের শীর্ষ নেতৃত্ব এ ধরনের কাজ করে যাচ্ছে।

ঘটনার প্রতিবাদ হিসেবে আজ মঙ্গলবার কয়েকজন কেন্দ্রীয় নেতা নিজেদের ‘সহসভাপতি’ দাবি করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন বিষয়টি নিয়ে উত্তপ্ত ছিল। সেখানে তোপের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক।

গতকাল রাতেই গুঞ্জন শোনা যায়, নতুন করে সহসভাপতি করা হচ্ছে। এ নিয়ে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ক্ষোভ প্রকাশ করেন। কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সম্মেলনের দিকে না গিয়ে নতুন করে এ ধরনের উদ্যোগের সমালোচনা করেন তাঁরা।

আজ দুপুরে মধুর ক্যানটিনে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এলে তাঁদের প্রশ্নবাণে জর্জরিত করেন কেন্দ্রীয় অন্য নেতারা। এ সময় তাঁরা বলেন, এটি মিথ্যে সংবাদ। কাউকে নতুন করে সহসভাপতি করা হয়নি।

শীর্ষ নেতাদ্বয় চলে যাওয়ার পরপরই মধুর ক্যানটিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি জাকির হোসেন ওরফে সাগর নিজেকে নতুন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি করা হয়েছে বলে উপস্থিত নেতা-কর্মীদের মিষ্টিমুখ করান। বিকেলে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেখা যায়, তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানের সঙ্গে কোলাকুলিরত একটি ছবি দিয়ে নিচে নিজেকে সহসভাপতি হিসেবে উল্লেখ করেছেন।

এ ছাড়া কলেজের লতিফ ছাত্রাবাসের সাবেক সভাপতি পরিচয় দিয়ে মাহফুজুর রহমান নামে একজন জাকিরের ফেসবুক দেয়ালে ছবিসহ পোস্টারের মতো তৈরি করে জাকিরকে সহসভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান।

বিকেল চারটার দিকে ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির উপপরিকল্পনা ও কর্মসূচি সম্পাদক মারুফ বিল্লাহ, উপস্কুলবিষয়ক সম্পাদক সালমান হোসেন, সহসম্পাদক এস এম আসাদুজ্জামানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা নিজেদের সহসভাপতি হিসেবে দাবি করে বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলমকে ধন্যবাদ জানিয়ে একটি লেখা পরস্পর পরস্পরের ফেসবুক দেয়ালে পোস্ট করেন।

ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান কার্যনির্বাহী সংসদ হয়েছিল ২০১১ সালের ১০ জুলাই। গত বছরের ৯ জুলাই এ কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু কেউ যাতে পরবর্তী সম্মেলন নিয়ে কথা না বলে, এ জন্য নতুন করে পদ দেওয়া চলছে। বর্তমান কমিটি যখন গঠিত হয়, এতে ঠাঁই পেয়েছিলেন ২২১ জন। মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে গত বছরের এপ্রিলে তাঁরা প্রথম কমিটির আয়তন বাড়ান। সেখানে নতুন করে ছয়জন সহসভাপতি, ছয়জন যুগ্ম সম্পাদক, ৬৯ জন সহসম্পাদক ও ৫৯ জনকে উপসম্পাদক পদ দেওয়া হয়। এ ছাড়াও ১৩২ জনকে কেন্দ্রীয় কমিটির সদস্যপদ দেওয়া হয়।

গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনটির নির্বাহী কমিটি ২৫১ সদস্যবিশিষ্ট হওয়ার কথা থাকলেও ওই সময় তা ৩৬২-তে গিয়ে দাঁড়ায়। এর পরও বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি, জেলা কমিটিগুলো করার সময় এসব কমিটিতে যাঁদের স্থান হয় না, তাঁদের অনেককে কেন্দ্রীয় কমিটিতে পদ দেওয়া হয়।

সংগঠনটির ওয়েবসাইটে কমিটির বিভিন্ন পদধারী ১৮১ জনের নাম উল্লেখ আছে। তবে এতে নির্বাহী সদস্যদের নাম উল্লেখ করা হয়নি। প্রথম আলো র কাছে কমিটির যে তালিকা আছে, তাতে ১৩১ জন নির্বাহী সদস্যের নাম রয়েছে।

এর আগে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম দাবি করেছিলেন, কেন্দ্রীয় কমিটি ২২১ থেকে ২৩০ সদস্যের হবে। এসব কারণে, কেন্দ্রীয় কমিটির সদস্য কত, তা নিয়ে বিভ্রান্তি কাটেনি।

ছাত্রলীগের তিনজন সহসভাপতি ও যুগ্ম সম্পাদক পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সময়মতো কাউন্সিল না করার জন্য সংঠনের শীর্ষ নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁরা মনে করছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করছেন সাবেক ও বর্তমান নেতারা। তাঁরা বলেন, কমিটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এর আগেও মৌখিকভাবে বেশ কয়েকজনকে পদ দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পরিচয় দিয়েছেন তাঁরা। এ রকম গোঁজামিল দিয়েই চলছে ছাত্রলীগের রাজনীতি। দীর্ঘদিন রাজনীতি করেছে, এমন অনেক নেতাই যোগ্য পদ পাচ্ছেন না।

সর্বশেষ কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক তারেক রায়হানকে সহসভাপতি পদে উন্নীত করা হয়। তারেক রায়হান বেশ কয়েকবার নিজেকে সহসভাপতি দাবিও করেছেন। গতকাল তাঁর ফেসবুক অ্যাকাউন্টেও তাঁর দেয়ালে সহসভাপতি উল্লেখ করা কয়েকটি পোস্ট পাওয়া যায়। যোগাযোগ করা হলে তারেক রায়হান প্রথম আলোকে বলেন, গত মার্চ মাসে তাঁকে লিখিতভাবে কেন্দ্রীয় সহসভাপতি করা হয়েছে।
তবে তারেক ও জাকির কাউকে সহসভাপতি হিসেবে স্বীকার করেননি ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সবই ফেক (মিথ্যা)। ও রকম কাউকে দেইনি, দেওয়ার কোনো ইচ্ছাও নেই।’ যাঁরা নিজেদের স্বঘোষিত সহসভাপতি দাবি করেছেন, তাঁদের ব্যাপারে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো বিভ্রান্তিকর। কেউ নিজেকে সহসভাপতি দাবি করেনি। তারা যা শুনেছে, তার কোনোটারই কোনো ভিত্তি নেই।’