সুনামগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারী শিক্ষককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার ছাত্রলীগ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করে। এদিকে, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারী সুনামগঞ্জ সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষক আবুল আলা মওদুদকে সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া শহর বালিকা সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলা ১১টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বেলা তিনটার দিকে সিলেট থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ এসে ছাত্রলীগের নেতাদের ফলের রস (জুস) পান করিয়ে অনশন ভাঙান। অনশন চলাকালে বক্তব্য দেন মিসবাহউদিন সিরাজ, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আপ্তাবউদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, পৌর কাউন্সিলর ও যুবলীগের নেতা মনীষ কান্তি দে, জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী, সহসভাপতি সুব্রত সরকার, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ প্রমুখ। অনশন চলাকালে সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। সুনামগঞ্জ শহরের সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় শিক্ষক আবুল আলা মওদুদ বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। পরে ছাত্রলীগের নেতারা তাঁকে ধরে পুলিশে দেন। পুলিশ পরদিন তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে তিনি জামিনে ছাড়া পান। সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহামঞ্চদ আবদুর রহিম জানান, সোমবার সন্ধ্যায় ফ্যাক্সযোগে ওই শিক্ষকের বদলির আদেশ আসে। পরে আদেশের অনুলিপি কুরিয়ারের মাধ্যমে তাঁর ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।