ছাত্রলীগের অন্তঃকোন্দল এবং শাটল ট্রেন চালককে মারধর ও অপহরণের ঘটনায় নির্ধারিত সময়ের এক দিন আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রমজান ও ঈদের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এ ছুটি শুরু হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশেষ ক্ষমতায় এ বন্ধ ঘোষণা করেন বলে জানা গেছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী বুধবার ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন ধরে ক্যাম্পাসে একটি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অভ্যন্তরীণ সংঘাতে লিপ্ত হয়েছে। তাই সংঘাত এড়ানোর জন্য নির্ধারিত সময়ের এক দিন আগেই ছুটি ঘোষণা করা হয়েছে। উপাচার্য তাঁর বিশেষ ক্ষমতায় এ ছুটি ঘোষণা করেন।’গত শনি ও রোববার ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার দুই পক্ষের মধ্যে অন্তঃকোন্দলে পাঁচজন আহত হন। এ ঘটনার জের ধরে রোববার সকাল সাড়ে ১০টার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চালককে ছাত্রলীগের একটি পক্ষ অপহরণ করে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং জন্মাষ্টমী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পূর্বঘোষিত ছুটির এক দিন আগেই ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।