চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অন্তঃকোন্দলের জের ধরে এক পক্ষের হামলায় অপর পক্ষের একজন আহত হয়েছেন। ছাত্রলীগের আহত কর্মী হলেন অর্থ ও ব্যাংকিং বিভাগের ছাত্র ফজলে রাব্বি। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগর থেকে বিশ্ববিদ্যালয়গামী রাত সাড়ে আটটার শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে পৌঁছালে কয়েকজন যুবক ফজলে রাব্বির ওপর হামলা চালায়। এতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। আহতাবস্থায় প্রথমে রাব্বিকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এ প্রসঙ্গে ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বলেন, ‘এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।’হামলার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসিম হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’ তবে হামলার কারণ সম্পর্কে কোনো কিছু জানা যায়নি বলে জানান তিনি।