ছাত্রলীগের অবক্ষয় দূর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার পেছনে বিরাট অবদান রেখেছে ছাত্রলীগ। কিন্তু বর্তমান ছাত্রলীগের মধ্যে অবক্ষয় এসেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে ছাত্রলীগের এ অবক্ষয় দূর করতে হবে।ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় ছাত্রলীগের সাবেক নেতারা গতকাল মঙ্গলবার এসব কথা বলেন। প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে। সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, এর সব কটিরই শিকার হয়েছেন মুক্তিযোদ্ধারা। সংবিধান সংশোধন করে দেশকে পেছনে ফিরিয়ে নেওয়া হয়েছে। তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু ভৌগোলিক ও রাজনৈতিক স্বাধীনতা এনে দিয়েছিলেন। অর্থনৈতিক মুক্তি আনতে গিয়ে তিনি নির্মম হত্যার শিকার হয়েছেন। ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল হক বলেন, বঙ্গবন্ধুর দুর্দিনের কর্মী ছিলেন তিনি। কিন্তু আজকাল দুর্দিনের কর্মী পাওয়া কঠিন। সাবেক সভাপতি আবদুর রউফ বলেন, ছাত্রলীগে অবক্ষয় এসেছে। এখন শপথ নিয়ে অবক্ষয় দূর করতে হবে।মাহমুদুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আমলে ছাত্রলীগের নেতারা আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতেন। কিন্তু এখন কোনো পর্যায়েই আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা হয় না। নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন খালেদ মোহাম্মদ আলী, আবদুর রশীদ, মাহবুব উদ্দিন আহমেদ, ইসমত কাদির প্রমুখ। সভা পরিচালনা করেন শাহীন রেজা নূর।