ছাত্রলীগের অবরোধ, তালা চট্টগ্রাম ভেটেরিনারি অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচজন নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করার প্রতিবাদে ক্যাম্পাস অবরোধ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষা ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। তাঁরা উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথকেও বাসায় অবরুদ্ধ করে রাখে। তাঁদের অবরোধের কারণে গতকাল বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক ও আজীবনের জন্য বহিষ্কৃত কমল কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, উপাচার্য ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবিরকে পুনর্বাসনের জন্য ছাত্রলীগকে বিনাশের উদ্যোগ নিয়েছেন। তিনি পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। ক্যাম্পাসে পাঁচজন ছাত্রকে বহিষ্কারের মতো কোনো ঘটনা ঘটেনি।কমল কান্তি বলেন, কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের এক পরিচালককে মারধরের অভিযোগে এসব ছাত্রের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেছিল। কিন্তু পুলিশ তাতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। সে ঘটনার জন্যই পাঁচ ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। উপাচার্যের পদত্যাগ এবং বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।তবে উপাচার্য নীতিশ চন্দ্র বলেন, বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবেই চলছে। হঠাৎ ৮-১০ জন ছাত্র বিভিন্ন দাবি তুলে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে। তাদের সঙ্গে কিছু বহিরাগতও যোগ দিয়েছে। রোববার তারা জুয়েল বিল্লাহ নামে এক কর্মচারীকে মারধর করেছে। পরিচালকের ওপর হামলা ও মামলা সম্পর্কে তিনি বলেন, হামলা হয়েছে, এটা সত্য। আর মামলা ও ঘটনার তদন্ত তো ভিন্ন জিনিস।উপাচার্য বলেন, কয়েকজন ছাত্রের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জিম্মি থাকতে পারে না। আন্দোলন আর যাকে-তাকে মারধর এক কথা নয়। তিনি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকাল থেকে ছাত্রলীগের কর্মীরা অবরোধ শুরু করলে আবাসিক হলের বেশির ভাগ ছাত্রছাত্রী চলে গেছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী কাল ১২তম ব্যাচের সেমিস্টার ফাইনাল ও দশম ব্যাচের সাময়িক (মিডটার্ম) পরীক্ষার কথা ছিল। অবরোধের কারণে তা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ৩১ আগস্ট থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ছাত্রছাত্রীরা চলে গেলেও এ নিয়ে প্রশাসন বিচলিত নয়।ছাত্রলীগ সকাল থেকে ক্যাম্পাসে উপাচার্যের পদত্যাগের দাবিতে মিছিল-সমাবেশ করে। এ সময় মহানগর ছাত্রলীগের একাধিক নেতা সেখানে উপস্থিত হয়ে আন্দোলনের প্রতি সমর্থন জানান। শিক্ষা ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষকেরা আসেননি। তবে তাঁরা ক্যাম্পাসে অবস্থিত উপাচার্যের বাসভবনে গিয়ে বৈঠক করেন।প্রসঙ্গত, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার পাঁচজন ছাত্রকে আজীবন বহিষ্কারসহ নয়জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেন। তারা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।