ছাত্রলীগের আকস্মিক অবরোধে গতকাল সোমবার অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকালে নগরের বটতলী ও ষোলশহর স্টেশন থেকে বিভিন্ন সময়সূচির শাটল ট্রেন ও বাস আটকে দেন ছাত্রলীগের কর্মীরা। এতে বিপাকে পড়েন হাজার হাজার শিক্ষার্থী। অবরোধ কর্মসূচির কারণে অধিকাংশ বিভাগেই কোনো ক্লাস হয়নি। তবে দু-একটি বিভাগে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো কিছুটা বিলম্বে অনুষ্ঠিত হয়। গত রোববার ক্যাম্পাসসংলগ্ন স্টেশনচত্বরে স্থানীয় কয়েকজন যুবক রড, পাইপ ও ইট দিয়ে জাহিদুল ইসলাম ওরফে জুয়েল নামের এক নেতাকে পিটিয়ে আহত করে। এ ঘটনার প্রতিবাদে গতকাল ছাত্রলীগের কর্মীরা হঠাৎ অবরোধের ডাক দেন। ছাত্রলীগের নেতা মহসিন করিম প্রথম আলোকে বলেন, ‘জাহিদুলের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের শাস্তির দাবিতে আমরা হঠাৎ অবরোধ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি।’প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলাকালে ছাত্রলীগের কর্মীরা সাধারণ ছাত্রদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেন। এ সময় তাঁরা অটোরিকশায় করে ক্যাম্পাসে আসা যাত্রীদের পথিমধ্যে নামিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কর্মীদের অভিযোগ আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে।’ অজ্ঞাতনামা লাশ উদ্ধার: চৌধুরীহাট ও সেনানিবাস রেলস্টেশনের মাঝামাঝি বড়দীঘি এলাকায় রেললাইনের পাশ থেকে গতকাল সকালে পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে। আনুমানিক ২৪-২৫ বছর বয়সী এই যুবকের পরনে প্যান্ট ও টি-শার্ট ছিল। তাঁর প্যান্টের পকেটে দুটি কলম পাওয়া গেছে। এ কারণে পুলিশ লাশটি কোনো ছাত্রের বলে সন্দেহ করছে। লাশ নিয়ে গতকাল দিনভর ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা হয়। কিন্তু লাশটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। হাটহাজারী থানার পুলিশ লাশটি নগরের জিআরপি থানায় হস্তান্তর করেছে।জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল্লাহ বলেন, একাধিক লোক ওই যুবককে রেললাইনের পাশে নিয়ে জবাই করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। লাশের গায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।সন্ত্রাসী হামলা: আবুল হাসনাত নামের ইংরেজি বিভাগের এক ছাত্রকে গত রোববার বিশ্ববিদ্যালয় রেলক্রসিং এলাকায় বেধড়ক পিটিয়েছে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী। এ সময় ওই ছাত্র বাসে করে ক্যাম্পাস থেকে শহরে যাচ্ছিলেন। ওই ঘটনায় হাসনাত গতকাল প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় পাওয়ার পর তাঁকে বাস থেকে নামিয়ে কয়েকজন স্থানীয় যুবক রড দিয়ে পেটায়।